
এক মঞ্চে কামাল-বি চৌধুরী-রব-ফখরুল-মান্না
রূপসী বাংলা ডেস্ক: অবশেষে রাজনীতির এক মঞ্চে বসে একই সঙ্গে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন চাইলেন ড. কামাল হোসেন, বদরুদ্দোজা চৌধুরী, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় প্রেসক্লাবে বুধবার বিকেলে নাগরিক ঐক্য আয়োজিত ‘ইভিএম বর্জন জাতীয় নির্বাচন ও রাজনৈতিক জোট’ বিষয়ে আলোচনা সভায় জাতীয় ঐক্যের মাধ্যমে সরকার পতনের তাগিদ দেন তারা।
ড. কামাল হোসেন বলেন, দেশ গড়তে ও স্বৈরাচার হঠাতে জনগণের ঐক্য হয়েছিল। এবার সেই রকম একটি বৃহত্তর ঐক্য হতে যাচ্ছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করুন। জনগণ দেশের মালিক। সংবিধানেও সে কথা বলা হয়েছে।
তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রে আমরা বিশ্বাস করি। একদলীয় শাসন ব্যবস্থা চাই না। দেশের জনগণ ঘর থেকে বেরিয়ে এসেছে। অবাধ. সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ব্যবস্থা করতেই হবে। জনগণের দাবি উপেক্ষা করার সুযোগ নেই।
ড. কামাল বলেন, সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। স্বৈরাচার পতনে আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছিলাম। সমাজ থেকে অন্যায়কে মুক্ত করতে হবে। দলমত নির্বিশেষে সংবিধান ও মূল্যবোধের স্বপক্ষে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। যারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, তাদের চিহ্নিত করতে হবে।
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশ সংকটের মধ্যে আছে। এক ব্যক্তি, এক দলীয় শাসন চলছে। দেশের উন্নয়ন করছেন, ভালো কথা। আমরাও উন্নয়ন চাই। উন্নয়নের নামে গণতন্ত্রকে ধাক্কা দেবেন, তা হবে না। জনগণ আর সহ্য করবে না। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চালাবেন, তা বাংলার মানুষ মেনে নেবে না। হাতুড়ি দিয়ে, বন্দুক দিয়ে জনগণের ওপর হামলা করবেন আর জনগণ সহ্য করবে, তাও হবে না।
তিনি প্রধানমন্ত্রীকে ছড়াকার আখ্যায়িত করে বলেন, ছড়া লিখুন, বলুন— অসুবিধা নেই। গণতন্ত্রকে ঠিক রাখুন, জনগণের দাবি মেনে নিন।
বি চৌধুরীর বলেন, মানুষকে শ্রদ্ধা করতে শিখুন। প্রতিহিংসা পরিহার করুন। দেশে শ্রদ্ধার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। প্রতহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। হাতুড়ির রাজনীতি জনগণ চায় না। জনগণ আগামী নির্বাচনে দাঁতভাঙা জবাব দেবে।
সাবেক রাষ্ট্রপতি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া নির্বাচন কমিশন কোনোভাবেই ইভিএমের ঘোষণা দিতে পারে না। এতেই প্রমাণ হয়, নির্বাচন কমিশন সরকারের ইশারায় চলে। এই নির্বাচন কমিশন বিকলাঙ্গ। বি চৌধুরী বলেন, এরশাদ তার উন্নয়ন কর্মকাণ্ড দেখিয়ে কিছু করতে পারেনি। আপনারাও উন্নয়নের কথা বলে সব কিছু ধামাচাপা দিতে পারবেন না।
আওয়ামী লীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ ধ্বংস হতে দেয়া যায় না। দেশ বাঁচাতে ন্যূনতম কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
ফখরুল আরো বলেন, খালেদা জিয়াকে আটকে রাখতে জেলখানায় আদালত বসানো হয়েছে। সরকার আইনের লঙ্ঘন করেছে। স্বাধীন বাংলাদেশে এ রকম কোনো নজির নেই।
তিনি বলেন, যেখানে আদালত করা হয়েছে, সেটি ছোট একটি রুম, অন্ধকার। খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে নিয়ে এসেছেন। খালেদা জিয়া বলেছেন, তিনি আর যাবেন না।
বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে। বিএনপি নেতাকর্মীদের নামে ভৌতিক মামলা করছে। নির্বাচনের সময় জনগণের নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান ফখরুল।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আ স ম আবদুর রব বলেন, সবাই মিলে এক মঞ্চে বসে সরকার পতনে কাজ করতে হবে। তিনি বলেন, ইভিএম ব্যবহারে এ দেশে ভোট হবে না। বাংলার জনগণ ইভিএমের মাধ্যমে ভোট মানবে না।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ১০০ বছরের পরিকল্পনা করছেন। আমার প্রশ্ন, আপনি কত বছর বাঁচবেন? জনগণকে বোকা বানাবেন না। সরকার ১৬ কোটি মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের আমলে অনেক মামলা হয়েছ। যা পাকিস্তান আমলেও হয়নি। রব বলেন, আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে অংশ নিতে চাই। আওয়ামী লীগের ভরাডুবি করতে চাই।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকারকে জনগণ আর চায় না। আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটাতে হবে। তিনি বলেন, শেয়ার বাজার, বন জঙ্গল, পানি, পাথর, কয়লা, জমি— সব খেয়েছে বর্তমান সরকার।
তিনি আরো বলেন, জনগণ বোঝে, কাকে কীভাবে শায়েস্তা করতে হয়। সিটি করপোরেশন নির্বাচনে সিলেটে ত্রাস করা হয়েছে। খুলনা ও রাজশাহীতেও একই কাজ করেছে আওয়ামী লীগ। সিলেটে ত্রাস করেও জিততে পারেনি। জনগণ জবাব দিয়েছে।
মান্না বলেন, ইভিএম-এর জন্য যে এলসি খোলা হয়েছে, টাকা কই? হিসাব নেয়া হবে। সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই। সুষ্ঠু, অবাধ নিরপেক্ষা নির্বাচন চাই। এসব দাবিতে রাজপথে নামবে জাতীয় ঐক্য প্রক্রিয়া। আন্দোলনের মুখে সরকারকে মাথা নত করতে হবে।
তিনি বলেন, বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সে ক্ষমতা মোঘল সম্রাটেরও ছিল না। আমরা এত বড় ক্ষমতাবান প্রধানমন্ত্রী চাই না। ভারসাম্যের সরকার চাই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক দিলারা চৌধুরী ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক প্রমুখ।
আসিফ নজরুল বলেন, হাজার নেতাকর্মীকে জেলে আটক রাখা হয়েছে। সরকার একটি পাতানো নির্বাচনের জন্য নিপীড়ন-নির্যাতনের পথ বেছে নিয়েছে। আশা করি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হলে ফ্যাসিস্ট সরকারের সব কূটকৌশল ভেস্তে যাবে।
রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক দিলারা চৌধুরী বলেন, কোনো সরকার যদি জনগণ দ্বারা নির্বাচিত হয়, সে সরকার জনগণের জন্য কাজ করবে। জনগণ দ্বারা নির্বাচিত না হলে সে সরকার কখনও জনগণের জন্য কাজ করতে পারে না। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে।
দিলারা চৌধুরী বলেন, সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, সংবিধান রক্ষার নির্বাচন। পরে মিড-টাইম (মধ্যমেয়াদি) নির্বাচন দেবেন। কিন্তু তা থেকে শেখ হাসিনা সরে গেছেন। তিনি বলেন, দেশ এখন মহাসংকটে। এ থেকে দেশ ও জাতিকে রক্ষা করা দরকার।



