
বাংলাদেশের রিজার্ভ চুরির ‘হোতার নাম’ জানাল যুক্তরাষ্ট্র
রূপসী বাংলা ডেস্ক: আড়াই বছর আগে বাংলাদেশের রিজার্ভ চুরিতে উত্তর কোরিয়ার এক হ্যাকার জড়িত ছিলেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের সনি করপোরেশন ও যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের উপর সাইবার আক্রমণের দায়ে পার্ক জিন হিয়ক নামে ওই উত্তর কোরীয়র বিচার শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে।
দেশটির বিচার দপ্তর বৃহস্পতিবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে বলেছে, পার্ক ২০১৬ সালে নিউ ইয়র্ক ফেড থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সঞ্চিত অর্থ হাতিয়ে নেওয়ায়ও জড়িত ছিলেন।যুক্তরাষ্ট্রের বিচার দপ্তরকে উদ্ধৃত করে রয়টার্স এই তথ্য জানানোর পাশাপাশি বলেছে, পার্কের বিরুদ্ধে তদন্ত চলছে।যুক্তরাষ্ট্র উদ্যোগ নিলেও নিজেদের এই নাগরিককে উত্তর কোরিয়া বিচারের জন্য ওয়াশিংটনের হাতে তুলে দেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিডি নিউজ ২৪
পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
ম্যাচের শেষ দিকে হলো অপেক্ষার অবসান। তপু বর্মনের হেড ঠিকানা খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে গ্যালারিতে আসা ফুটবলপ্রেমীরা ফেটে পড়ল উল্লাসে। পাকিস্তানকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার পাকিস্তানকে ১-০ গোলে হারায় স্বাগতিকরা।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল জেমি ডের দল।৩ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থানে পাকিস্তান। বৃহস্পতিবার ভুটানকে ৪-০ গোলে হারানো নেপাল রয়েছে দ্বিতীয় স্থানে। ফিফার পরিসংখ্যান অনুযায়ী ১৭ দেখায় বাংলাদেশের জয় এখন বেশি, ৭টি। ৬টি জয় পাকিস্তানের; বাকি চারটি ড্র। সাফের পরিসংখ্যানেও এগিয়ে গেল বাংলাদেশ; তাদের ৩ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় দুটি। বাকি দুটি ড্র।
গোলশূন্য প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও বলার মতো কোনো আক্রমণে করতে পারেনি বাংলাদেশ। মাঝমাঠ থেকে তেমন কোনো আক্রমণ তৈরি করে দিতে পারেনি মামুনুল ইসলাম-জামাল ভূইয়ারা। ফলে পাকিস্তানের গোলরক্ষকের কোনো পরীক্ষাই নিতে পারেননি মাহবুবুর রহমান সুফিল-সাদউদ্দিনরা।
রক্ষণ জমাট রেখে খেলা পাকিস্তান নবম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। সতীর্থের লম্বা করে বাড়ানো বলে মোহাম্মদ আলির হেড শহীদুল আলম সোহেল ফিস্ট করে বিপদমুক্ত করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে জামালের ফ্রি-কিক লাফিয়ে উঠে গ্লাভসবন্দি করেন ইউসুফ ইজাজ বাট। ৫৫তম মিনিটে শহীদের দৃঢ়তায় বেঁচে যায় বাংলাদেশ। বাঁ দিকে থাকা ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ায় বল পেয়ে যান আলি। পাকিস্তানের এই ফরোয়ার্ডের জোরালো শট কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।



