
ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডে গুলিবর্ষণ — অভিযুক্ত রহমানুল্লাহ লাখানওয়াল আটক
হোয়াইট হাউসের কাছে হামলায় দুই ন্যাশনাল গার্ড সদস্য সঙ্কটাপন্ন; এফবিআই সন্ত্রাসবিরোধী তদন্ত শুরু করেছে
হোসনেআরা চৌধুরী — হোয়াইট হাউসের কয়েক ব্লক দূরে ফ্যারাগুট ওয়েস্ট মেট্রো স্টেশনের কাছে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় আফগান নাগরিক রহমানুল্লাহ লাখানওয়াল (২৯)-কে আটক করেছে কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ডিউটিতে থাকা গার্ড সদস্যদের লক্ষ্য করে তিনি গুলিবর্ষণ করেন বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তাদের বরাতে জানা গেছে, লাখানওয়াল প্রথমে এক নারী গার্ড সদস্যকে বুকে ও মাথায় গুলি করেন। এরপর আরেক গার্ড সদস্যের ওপর গুলি চালান। ঘটনাস্থলে উপস্থিত তৃতীয় এক ন্যাশনাল গার্ড সদস্য দ্রুত প্রতিরোধ গড়ে তুলে হামলাকারীকে আটক করেন। পাল্টা গুলিতে লাখানওয়ালও আহত হন এবং বর্তমানে হাসপাতালে পাহারায় চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা সঙ্কটাপন্ন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সরকারি সূত্র জানায়, লাখানওয়াল ২০২১ সালে যুক্তরাষ্ট্রে আফগান পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রবেশ করেন। তিনি হামলার সময় একাই ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। এফবিআই ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে।
হামলার পর ওয়াশিংটনের কেন্দ্রীয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত ফেডারেল বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। শহরের মেয়র ঘটনাটিকে “টার্গেটেড অ্যাম্বুশ” বলে অভিহিত করেছেন।
তদন্ত এখনো চলছে এবং কর্তৃপক্ষ জনসাধারণকে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।



