
জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’
ঐক্যের বন্ধনে, বৈচিত্র্যের গৌরবে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মিলনমেলা
হুমায়ূন কবীর ঢালী, নিউইয়র্ক:
দক্ষিণ এশিয়ার ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যকে উদযাপন এবং প্রবাসী দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয়ে গতকাল ৯ আগস্ট নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’। বর্ণাঢ্য এই আয়োজনে ‘হোস্ট কান্ট্রি’ হিসেবে বিশেষ মর্যাদায় উঠে আসে বাংলাদেশ।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ৩৭তম অ্যাভিনিউয়ের ৬৯ স্ট্রিট থেকে ৮৭ স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে চলে এই উৎসবমুখর প্যারেড। বিভিন্ন দেশের জাতীয় পতাকা, ঐতিহ্যবাহী পোশাক, সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা পুরো এলাকাকে পরিণত করে দক্ষিণ এশিয়ার এক মিলনমেলায়।
প্যারেডের CIP ও গ্র্যান্ড মার্শাল হিসেবে নেতৃত্ব দেন শাহ নেওয়াজ (MBA)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাদের, সাংস্কৃতিক বিষয়ক চেয়ারপার্সন ও প্যারেড এক্সিকিউটিভ কমিটির নেতৃত্বে থাকা রানো আমেনা নওয়াজ, প্রধান সমন্বয়কারী শাহ শহিদুল হক, সদস্য সচিব মোহাম্মদ আলম নমী এবং সংগঠক সাকিল মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন লেখক-সাংবাদিক শাহ জে. চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ময়নু জামান চৌধুরী ও নুরুল আজিম, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সভাপতি কামরুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সাউথ এশিয়ান ইউনিটি প্যারেডের সঙ্গে যুক্ত বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরাও এতে অংশ নেন। ফলে জ্যাকসন হাইটসের রাজপথে প্রতিফলিত হয় দক্ষিণ এশিয়ার বহুত্ববাদী সংস্কৃতির এক অনন্য চিত্র।
আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী শিরিন শিলা ও সাফা কবির। পাশাপাশি কমিউনিটির সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতিমান শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণ অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন সোনিয়া।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তাঁদের আনন্দ, উচ্ছ্বাস ও সাংস্কৃতিক উপস্থাপনায় প্যারেডটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
বৈচিত্র্যের মধ্যে ঐক্য—এই মূল বার্তাকে সামনে রেখে অনুষ্ঠিত প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’ নিউইয়র্কের বহুজাতিক সমাজে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
ছবি






































