
টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড Atlantic Beach, ধ্বংস ৫০ ক্যাবানা
হোসনেআরা চৌধুরী,নিউইয়র্ক :
প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে লং আইল্যান্ডের Atlantic Beach-এ আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো। National Weather Service (NWS) জরিপ শেষে শুক্রবার ঘটনাটি নিশ্চিত করেছে। সমুদ্রের ওপর তৈরি হওয়া একটি waterspout স্থলভাগে উঠে টর্নেডোতে রূপ নেয় এবং মুহূর্তের মধ্যেই উপকূলীয় এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিট থেকে ৭টার মধ্যে টর্নেডোটি Atlantic Beach এলাকায় আঘাত হানে। প্রচণ্ড বাতাসে Sun and Surf Beach Club-এর প্রায় ৫০টি ক্যাবানা ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ক্যাবানার কাঠামো, ছাদ, আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী ছিটকে পড়ে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।
ঝড়ের সময় বিচ ক্লাবে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে উঠলে অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ক্যাবানার ভেতরে আশ্রয় নেন। সৌভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। একজন কর্মী সামান্য আহত হলেও চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান। গুরুতর আহত বা নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
জরুরি পরিস্থিতিতে একাধিক ফায়ার ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা পরীক্ষা করে। কেউ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চালানো হয়।
Nassau County কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির মাত্রা বিবেচনায় জরুরি ব্যবস্থা গ্রহণ করে। ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা পরীক্ষা, ধ্বংসাবশেষ অপসারণ এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না পাওয়া পর্যন্ত বাসিন্দা ও দর্শনার্থীদের ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশ না করার আহ্বান জানানো হয়েছে।
একই সময়ে নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ডের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি, আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। বহু সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হয় এবং কোথাও কোথাও গাড়ি পানিতে আটকা পড়ে।
আবহাওয়া কর্মকর্তারা বলছেন, Atlantic Beach-এর ঘটনাটি উপকূলীয় এলাকায় তৈরি হওয়া waterspout স্থলভাগে উঠে টর্নেডোতে পরিণত হওয়ার একটি উল্লেখযোগ্য উদাহরণ। ঝড়ের আকস্মিকতা ও ধ্বংসের মাত্রা স্থানীয় বাসিন্দা ও বিচ ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
এদিকে ক্ষয়ক্ষতির সঠিক আর্থিক পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিচ ক্লাব কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত স্থাপনার মূল্যায়ন ও পরবর্তী পুনর্গঠনের প্রস্তুতি নিচ্ছে।



