
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
কানাডার সংসদে দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত এমপি তানভীর শাহনাওয়াজ
টরন্টোর বিচেস–ইস্ট ইয়র্ক উপনির্বাচনে লিবারেল প্রার্থীর বড় জয়; বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বে নতুন মাইলফলক
শাহ্ জে. চৌধুরী:
— কানাডার টরন্টোর বিচেস–ইস্ট ইয়র্ক আসনের উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী তানভীর শাহনাওয়াজ বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে দেশটির হাউস অব কমন্সে নির্বাচিত দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে ইতিহাস গড়েছেন।
উপনির্বাচনের প্রাথমিক ফলাফলে ২০০টি পোলের মধ্যে ১৯৭টির গণনা শেষে তানভীর শাহনাওয়াজ পেয়েছেন ১৭ হাজার ২৫১ ভোট, যা মোট ভোটের ৫৫ দশমিক ৩ শতাংশ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউ ডেমোক্রেটিক পার্টির (NDP) শ্যানন ডিভাইন পেয়েছেন ৮ হাজার ১৫৯ ভোট, বা ২৬ দশমিক ২ শতাংশ। প্রাথমিক ফল অনুযায়ী তানভীরের জয়ের ব্যবধান ৯ হাজার ৯২ ভোট।
তানভীরের এই বিজয় কানাডার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তাঁর নির্বাচনের মধ্য দিয়ে কানাডার ফেডারেল পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত এমপিদের উপস্থিতি আরও জোরালো হলো।
এর আগে স্কারবরো সাউথওয়েস্ট আসন থেকে লিবারেল পার্টির প্রার্থী ডলি বেগম নির্বাচিত হয়ে কানাডার হাউস অব কমন্সে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে প্রতিনিধিত্ব শুরু করেন। তানভীর শাহনাওয়াজের বিজয়ের মধ্য দিয়ে এবার সেই প্রতিনিধিত্ব দ্বিতীয় আসনে বিস্তৃত হলো।
তানভীর শাহনাওয়াজের পারিবারিক শিকড়ও বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাঁর পিতা শাহনাওয়াজ নব্বইয়ের দশকের গোড়ার দিকে বাংলা সংবাদপত্র ঠিকানা-এর কঠিন সময়ে দীর্ঘদিন বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে তাঁর দীর্ঘ সম্পৃক্ততার ধারাবাহিকতায় তানভীরের রাজনৈতিক উত্থানও কমিউনিটির মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, তানভীরের নির্বাচনী সাফল্য কানাডার রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশি-সহ দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব ও অংশগ্রহণের প্রতিফলন। একই সঙ্গে এটি নতুন প্রজন্মের বাংলাদেশি-কানাডিয়ানদের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করেছে।
তানভীর শাহনাওয়াজের বিজয়কে কানাডায় বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক প্রতিনিধিত্বের বিকাশে একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন কমিউনিটির বিভিন্ন মহলের মানুষ।



