
খেলরত্নের জন্য মনোনীত বিরাট
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: চলতি বছরে খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন বিরাট কোহলি৷ ২০১৭-১৮ মরশুমে ব্যাটসম্যান ও নেতা কোহলির বিরাট সাফল্যের কথা ভেবে ভারতীয় অধিনায়ককে চলতি বছরে ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার খেলরত্নের জন মনোনীত করা হল৷
কোহলি হলেন সেই সব ব্যক্তিক্রমী ক্রিকেটার, যিনি খেলরত্ন পুরস্কার পাওয়ার আগেই পদ্মশ্রী হয়ে গিয়েছে৷ গত বছরই পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান৷ গত তিন বছর ধরে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করে ২০১৬ ও ২০১৭ খেলরত্ন পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন কোহলি৷ কিন্তু ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান পাননি৷
কোহলির সঙ্গে এবার খেলরত্নের দৌড়ে রয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন ভারোত্তলোক মিরাবাই চানু৷ গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনাজয়ী মণিপুরী কন্যা চলতি বছর অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে দেশকে সোনা এনে দিয়েছেন৷ স্বাভাবিকভাবেও দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের জন্য এবার মনোনীত হলেন চানু৷
বিরাটের সঙ্গে বছর চব্বিশের মণিপুরী কন্যা লড়াইয়ে থাকলেও পাল্লাভারী অবশ্য টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের দিকেই৷ কোহলির ব্যক্তিগত পারফরম্যান্স ঈর্ষনীয়৷ এখনও পর্যন্ত ৭১টি টেস্টে ২৩টি সেঞ্চুরি-সহ ৬১৪৭ এবং ২১১টি ওয়ান ডে ম্যাচে ৩৫টি শতরান-সহ ৯৭৭৯ রান রয়েছে বিরাটের ঝুলিতে৷আন্তর্জাতিক ক্রিকেটে ৫৮টি সেঞ্চুরি করে ভারতীয়দের মধ্যে সচিন তেন্ডুলকরের (১০০টি) পর দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি৷



