
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: বাংলাদেশি বংশোদ্ভূত দুজন বিজয়ী
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অঙ্গরাজ্য পর্যায়ের আইনসভায় আবারও জয় পেয়েছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক-জর্জিয়ায় শেখ রহমান এবং কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান। তাদের এই সাফল্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে নতুন করে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।
জর্জিয়ার স্টেট সিনেটে শেখ রহমান
জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন শেখ রহমান। সাধারণ নির্বাচনে তার বিপক্ষে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেননি। প্রাথমিক ফলাফলে তার পক্ষে ৩৫ হাজার ১০১টি ভোট পড়ে। এর আগে গত ১৯ মে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে (প্রাইমারি) রবিন ম্যাককয়কে পরাজিত করে দলের মনোনয়ন নিশ্চিত করেন শেখ রহমান। ওই নির্বাচনে শেখ রহমান পেয়েছিলেন ৬ হাজার ১৮৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রবিন ম্যাককয় পেয়েছিলেন ৫ হাজার ১৬৬ ভোট। বাংলাদেশের কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান জর্জিয়া অঙ্গরাজ্যের প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের অধিবাসী। ২০১৮ সালে প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অঙ্গরাজ্যটির পঞ্চম সিনেট ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন। ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজকে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে হারিয়ে চতুর্থ মেয়াদে নির্বাচিত হয়েছিলেন তিনি।
কিশোরগঞ্জ ব্যুরো জানায়, শেখ রহমান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের বড় ছেলে। তার বাবা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের আগরতলায় ‘জয় বাংলা যুব শিবির’-এর ক্যাম্প সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাড়ি জমান শেখ রহমান। পরে জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। সেখানে পড়াশোনার খরচ চালাতে রেস্তোরাঁয় কাজ করেন। পরবর্তী সময়ে রেস্তোরাঁ ও ব্যবসা খাতে কাজ করার পাশাপাশি রাজনীতিতে যুক্ত হন। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার পুনর্নির্বাচনের খবরে জন্মস্থান বাজিতপুরে আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী। তারা শেখ রহমানকে এলাকার একজন গর্বিত কৃতী সন্তান হিসাবে উল্লেখ করেন। শেখ রহমানের ভাতিজা শেখ রাফিদ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সিনেটর নির্বাচিত হওয়ায় তার পরিবার ও এলাকাবাসী গর্বিত। একজন বাংলাদেশি মুসলিম হিসাবে এ অর্জন কঠিন ও চ্যালেঞ্জিং ছিল। তিনি সফলভাবে সেই পথ পাড়ি দিচ্ছেন। ভবিষ্যতে আরও বড় পদে উন্নীত হয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন বলে প্রত্যাশা তাদের।
কানেকটিকাটে স্টেট সিনেটে এমডি মাসুদুর রহমান
কানেকটিকাট অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৪ নম্বর ডিস্ট্রিক্ট থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাট এমডি মাসুদুর রহমান। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জেন জেনিংসকে হারিয়ে জয় লাভ করেন তিনি। ৩ নভেম্ববরের নির্বাচনে মাসুদুর রহমান পান ২৬ হাজার ৩২৯ ভোট, যা মোট ভোটের ৬৫ দশমিক ৯ শতাংশ। জেন জেনিংস পান ১৩ হাজার ৬২১ ভোট বা ৩৪ দশমিক ১ শতাংশ। চাঁদপুরের হাজীগঞ্জের সন্তান মাসুদুর রহমান ২০২২ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এই আসনের প্রতিনিধিত্ব করছেন।
এদিকে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের রকিংহাম-৩০ নির্বাচনি এলাকায় বাংলাদেশি বংশোদ্ভূত রিপাবলিকান প্রার্থী আবুল খানের ফলাফল নিয়ে প্রাথমিক প্রতিবেদনে কিছুটা অস্পষ্টতা রয়েছে। প্রাথমিক গণনায় ১ হাজার ৮৭৩ ভোট পেয়ে এগিয়ে ছিলেন তিনি। পরবর্তী সময়ে প্রকাশিত নির্বাচনি ফলাফলের তালিকায় তাকে বিজয়ী হিসাবে দেখানো হয়। ওই নির্বাচনি এলাকা থেকে দুজন প্রতিনিধি নির্বাচিত হন। একই তালিকায় রিপাবলিকান প্রার্থী জেসন জানভরিনকেও বিজয়ী হিসাবে উল্লেখ করা হয়েছে।



