ভারত

মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার বিচারক যোগ দিতে চান বিজেপিতে

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বিজেপিতে যোগ দিতে চান মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় রায়দানকারী বিচারক রবীন্দ্র রেড্ডি৷ বিজেপি সূত্রে তেমনটাই খবর৷ রবীন্দ্র রেড্ডি ইতিমধ্যেই বেশ কয়েকবার শিরোনামে উঠে এসেছেন৷ ২০০৭ সালের মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার রায় দান করা হয় গত এপ্রিলে৷ এই মামলায় পাঁচ অভিযুক্তকে বেকসুর খালাস করে দেন রবীন্দ্র রেড্ডি৷ কিন্তু এরপরই বিতর্ক দানা বাঁধতে শুরু করে৷ রায়দানের কয়েক ঘণ্টার মধ্যেই পদ থেকে ইস্তফা দেন হায়দরাবাদ আদালতের বিচারক রবীন্দ্র রেড্ডি ৷ ‘ব্যাক্তিগত কারণেই’ এই পদত্যাগ বলে জানিয়েছিলেন তিনি৷

এরপর জল অনেক দূরই গড়িয়েছে৷ বিজেপি প্রীতির কথা বেশ কয়েকবার নিজের মুখে স্বীকারও করেছেন তিনি৷ বিজেপিকে ‘দেশভক্ত পার্টি’র তকমা দিয়ে অবসরপ্রাপ্ত বিচারক রবীন্দ্র রেড্ডি বলেছিলেন, ‘‘বিজেপি এমন একটা দল যেখানে ‘পরিবারের শাসন’ নেই৷’’ এরইমধ্যে শোনা যায় চলতি মাসে অমিত শাহ যখন হায়দরাবাদ যান সেখানেই বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করেন রেড্ডি৷ কথা বলেন বন্দারু দত্তাত্রেয়র সঙ্গেও৷ বিজেপিতে যোগদানের ইচ্ছাও প্রকাশ করেন৷ অবশ্য এ নিয়ে বিজেপির তরফে কেউ কোনও মন্তব্য করেননি৷

৪০০ বছরের পুরনো মক্কা মসজিদ ২০০৭ সালের ১৮ মে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে৷ সেই ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়৷ আহত হন ৫৮ জন৷ ঘটনার তদন্ত শুরু করে সিবিআই৷ তদন্তে উঠে আসে রিমোট কন্ট্রোলের সাহায্যে এই বিস্ফোরণ ঘটানো হয়৷ এরপর ২০১১ সালে এই ঘটনার তদন্তভার যায় এএনআই’র হাতে৷

তারই রায়দান হয় চলতি বছরের এপ্রিল মাসে৷ হিন্দুত্ববাদের প্রচারক কট্টরপন্থী হিন্দু সংগঠনের সদস্য স্বামী অসীমানন্দ ওরফে নবকুমার সরকার-সহ আরও চারজন অভিযুক্ত বেকসুর খালাস হন এই মামলায়৷ রায়দানের পর বিরোধীরা এই মামলার নিরপেক্ষতা নিয়ে সরব হয়৷ মোদী সরকারের জমানায় নিরপেক্ষভাবে এই মামলার বিচার হল না বলে দাবি করে তারা৷ এবার সেই মামলার রায়দানকারী মোদীর দলে নাম লেখাতে চাইছেন৷ স্বভাবতই বাড়ছে বিতর্ক৷

তেলেঙ্গানার বিজেপি নেতা কে লক্ষ্ণণ সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানান, অমিত শাহর সঙ্গে রেড্ডির সাক্ষাৎ হয়েছে ঠিকই৷ কিন্তু দল তাঁকে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ আপাতত তিনি অমিত শাহর পরবর্তী নির্দেশের অপেক্ষায়৷ রেড্ডির বক্তব্য, ‘‘আমি বিজেপিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছি কারণ দেশের ভালো চায় এই দল৷ রাষ্ট্রের একমাত্র দেশভক্ত দল এই বিজেপি৷’’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension