
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সক্রিয় মামদানি
প্রগতিশীল ও শ্রমিকপন্থী প্রার্থীকে সমর্থনে শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আলোচনা, নজর আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের সিদ্ধান্তে
হোসনেআরা চৌধুরী:
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা নিতে চাইছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বিশেষ করে প্রগতিশীল ও শ্রমিকপন্থী কোনো প্রার্থীকে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন প্রতিযোগিতায় এগিয়ে নিতে তিনি বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করছেন।
গত সোমবার (৯ নভেম্বর) ম্যানহাটনে এক সংবাদ সম্মেলনে মামদানি নিজেই শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, কর্মজীবী মানুষের সংকট ও স্বার্থ যেন ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রে থাকে, সেটি নিশ্চিত করতেই তিনি শ্রমিক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
এর আগে Axios-এর এক প্রতিবেদনে বলা হয়, মামদানি ব্যক্তিগতভাবে শ্রমিক সংগঠনগুলোর নেতাদের উৎসাহিত করছেন, যাতে ২০২৮ সালের নির্বাচনে একজন প্রগতিশীল অথবা শ্রমিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত প্রার্থীকে সমর্থন দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত মাসে মামদানি গ্রেসি ম্যানশনে International Union of Painters and Allied Trades-এর প্রেসিডেন্ট জিমি উইলিয়ামস জুনিয়রের সঙ্গে বৈঠক করেন। সেখানে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী, শ্রমিক সংগঠনের সমর্থন এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয়। এ ছাড়া Association of Flight Attendants-CWA-এর প্রেসিডেন্ট সারা নেলসনের সঙ্গেও তাঁর আলোচনা হয়েছে। United Auto Workers-এর প্রেসিডেন্ট শন ফেইনের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।
আলোচনায় আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ
২০২৮ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনায় রয়েছেন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ (AOC)। তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নাকি নিউইয়র্কের সিনেটর চাক শুমারের বিরুদ্ধে সিনেট নির্বাচনে লড়বেন—এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
মামদানির ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত AOC-এর ভবিষ্যৎ সিদ্ধান্ত প্রগতিশীল রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মামদানি এ বিষয়ে সরাসরি কোনো অবস্থান না জানিয়ে বলেছেন, কর্মজীবী মানুষের জন্য যেখানে সবচেয়ে বেশি অবদান রাখা সম্ভব, ওকাসিও-কর্টেজ সেখানেই নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন।
এদিকে ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্নার সঙ্গেও মামদানির বৈঠক হয়েছে। ২০২৮ সালের সম্ভাব্য ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাঁর নামও আলোচনায় রয়েছে।
উল্লেখ্য, উগান্ডায় জন্মগ্রহণকারী মামদানি নিজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার সাংবিধানিক যোগ্যতা রাখেন না। তবে ২০২৮ সালের নির্বাচনে প্রগতিশীল রাজনীতির প্রভাব বিস্তার এবং সম্ভাব্য প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করছেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিউইয়র্কের মেয়র হিসেবে মামদানি জাতীয় রাজনীতিতে যে প্রভাব তৈরি করেছেন, তা ২০২৮ সালের ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রতিযোগিতায় তাঁকে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাবক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।



