
ব্রঙ্কসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী সংকটাপন্ন, আহত দুই শিশু
গভীর রাতে বাড়িতে আগুন, গৃহহীন সাত বাসিন্দা; তদন্তে ফায়ার সার্ভিস
হোসনেআরা চৌধুরী:
নিউইয়র্কের ব্রঙ্কসের মেলরোজ এলাকায় গভীর রাতে একটি আবাসিক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৩ বছর বয়সী এক নারী গুরুতর দগ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১২ ও ১৭ বছর বয়সী দুই শিশু।
নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট (FDNY) জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে ইস্ট ১৫৪তম স্ট্রিটের একটি বাড়িতে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ ওই নারীকে দ্রুত হারলেম হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন।
এ ঘটনায় আহত দুই ছেলেকে লিংকন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আগুনের কারণে বাড়িটির সাতজন বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৭০ জনের বেশি অগ্নিনির্বাপণ ও জরুরি চিকিৎসাকর্মী ঘটনাস্থলে পৌঁছান। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের এক ঘণ্টারও বেশি সময় লাগে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জরুরি সহায়তা দিতে আমেরিকান রেড ক্রসও ঘটনাস্থলে উপস্থিত হয়।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনা আবারও আবাসিক ভবনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, কার্যকর স্মোক অ্যালার্ম এবং জরুরি অবস্থায় দ্রুত বেরিয়ে যাওয়ার প্রস্তুতির গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছে।



