আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রে কাজ করতেন পাকিস্তানি নাগরিক, অতঃপর…

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নির্দেশে কাজ করতেন আসিফ মার্চেন্ট। পাকিস্তানের এই নাগরিক কষেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে হত্যার পরিকল্পনা। তবে ধরা পড়ে যান তিনি।

ইরানের সরকারের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। গত মার্চে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা এবং অর্থের বিনিময়ে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিউইয়র্কের ফেডারেল আদালতের বিচারক এরিক রস কোমিটি তাকে ৩৩০ মাস অর্থাৎ ২৭ বছর ছয় মাসের কারাদণ্ড দেন।

আসিফ আদালতে দাবি করেন, আইআরজিসির নির্দেশে তিনি এই ষড়যন্ত্রে জড়িয়েছিলেন। ২০২০ সালে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ নিতে এই পরিকল্পনা করা হয়েছিল।

মার্কিন কৌঁসুলিদের মতে, ধর্মীয় তীর্থযাত্রার উদ্দেশ্যে প্রথমে ইরান সফর শুরু করেন আসিফ। পরে আইআরজিসির এক কর্মকর্তার সঙ্গে তার পরিচয় হয়। মোট ১৫ বার ইরান সফর করেন তিনি। এসব সফরে ইরানি গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণও নেন।

২০২৪ সালের এপ্রিলে পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান মার্চেন্ট। সেখানে হত্যার জন্য লোক ভাড়া করতে এফবিআইয়ের ছদ্মবেশী এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের প্রাথমিকভাবে ৫ হাজার ডলারও দেন তিনি। তবে পরিকল্পিত ওই হত্যাকারীরা আসলে এফবিআইয়ের এজেন্ট ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতিকালে টেক্সাসে তাকে গ্রেফতার করা হয়।

আদালতে আসিফ দাবি করেন, ইরানে থাকা তার স্বজনদের পরিচয় ও অবস্থান জানার কথা বলে আইআরজিসির ওই কর্মকর্তা তাকে হুমকি দিয়েছিলেন। তাই বাধ্য হয়েই তিনি ষড়যন্ত্রে অংশ নেন। কাউকে হত্যার আগেই গ্রেফতার হবেন বলে আশা করেছিলেন এবং পরে মার্কিন সরকারের সঙ্গে সহযোগিতা করে গ্রিন কার্ড পাওয়ার পরিকল্পনা ছিল তার।

মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, যুক্তরাষ্ট্রের নেতাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী ষড়যন্ত্র কোনোভাবেই সহ্য করা হবে না। এ ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে বিচার বিভাগ কাজ চালিয়ে যাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension