যুক্তরাষ্ট্র

নৌকার ছবি তুলতে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার, পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিসকেইন বে এলাকায় একটি নৌকার ভালো ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে পানিতে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টার। এ দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন হেলিকপ্টারে থাকা এক ফটোগ্রাফার ও এক ভিডিওগ্রাফার। খবর এপির

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানিয়েছে, হেলিকপ্টারটি পানির পৃষ্ঠের অত্যন্ত কাছ দিয়ে উড়ছিল। একপর্যায়ে মোড় নেওয়ার সময় এর পাখা পানিতে আঘাত করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি পানিতে আছড়ে পড়ে।

গত ৪ নভেম্বর কি বিসকেইন এলাকার বিল ব্যাগস স্টেট পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে। মায়ামি-ডেড শেরিফের কার্যালয় জানায়, সমুদ্র উপকূলে একটি পাওয়ারবোট ইভেন্টের ছবি ও ভিডিও ধারণ করতে যাচ্ছিল হেলিকপ্টারটি।

দুর্ঘটনায় পাইলট নিহত হন। আহত হন হেলিকপ্টারে থাকা অপর দুই আরোহী।

এনটিএসবির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রবিনসন আর৪৪-২ মডেলের হেলিকপ্টারটি পানির পৃষ্ঠের অত্যন্ত কাছ দিয়ে উড়ছিল। ছবি ও ভিডিও ধারণের সুবিধার্থে হেলিকপ্টারটির কয়েকটি দরজাও খুলে রাখা হয়েছিল।

প্রতিবেদনে ফটোগ্রাফারের বরাত দিয়ে বলা হয়েছে, হেলিকপ্টারটি একটি নৌকার ডান পাশে নিচু দিয়ে সমান্তরালভাবে উড়ছিল। পরে ভালো ছবি তোলার জন্য নৌকাটির সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় নৌকাটি হেলিকপ্টারের নিচ দিয়ে অতিক্রম করছিল।

ঠিক তখনই ভিডিওগ্রাফার দেখতে পান, হেলিকপ্টারের পাখা পানিতে আঘাত করছে। এরপরই পানিতে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি।

দুর্ঘটনার পর টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি পানির নিচে উলটে পড়ে আছে। এর ল্যান্ডিং স্কিডের সঙ্গে হলুদ রঙের দুটি বিশেষ ফ্লোট যুক্ত ছিল। পানিতে জরুরি অবতরণের সময় হেলিকপ্টারকে ভেসে থাকতে সহায়তা করার জন্য এসব ফ্লোট ব্যবহার করা হয়।

দুর্ঘটনার সময় আশপাশে থাকা কয়েকটি নৌকার যাত্রীরা বিপদসংকেত পাঠান। একজন সহৃদয় ব্যক্তি আহতদের একজনকে উদ্ধারের চেষ্টাও করেন বলে জানান মায়ামি-ডেড কাউন্টির শেরিফ রোজি কর্দেরো-স্টুটজ।

খবর পেয়ে স্থানীয় একাধিক উদ্ধারকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধার অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সংস্থার সদস্যরাও।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension