নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন রূপে ভ্যান উইক এক্সপ্রেসওয়ে

১.৪ বিলিয়ন ডলারের সংস্কার প্রকল্পের প্রধান কাজ সম্পন্ন, যানজট কমার প্রত্যাশা কুইন্সবাসীর

শাহ্ জে. চৌধুরী | নিউইয়র্ক

দীর্ঘদিনের যানজট, নির্মাণকাজ ও যাতায়াতের ভোগান্তি পেরিয়ে নতুন রূপ পেয়েছে কুইন্সের বহুল আলোচিত ভ্যান উইক এক্সপ্রেসওয়ে (Van Wyck Expressway)। প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার ব্যয়ে পরিচালিত বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রধান কাজ সম্পন্ন হয়েছে। এতে কুইন্সের বাসিন্দা, কর্মজীবী মানুষ এবং জন এফ কেনেডি (JFK) আন্তর্জাতিক বিমানবন্দরগামী যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

গত ১৭ নভেম্বর কুইন্স বরো হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়া উদ্‌যাপন করেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, মেয়র জোহরান মামদানি, কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস, কংগ্রেসম্যান গ্রেগরি মিকসসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটির নেতারা।

প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হলো বিমানবন্দরগামী যানবাহনের জন্য নতুন HOV (High-Occupancy Vehicle) লেন। গত ২৩ অক্টোবর চালু হওয়া এই লেনের মাধ্যমে নির্ধারিত যাত্রীবাহী যানবাহনের চলাচল সহজ করা এবং মূল সড়কের যানজট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্কার প্রকল্পের আওতায় পুরোনো সেতুর উন্নয়ন ও প্রতিস্থাপন, প্রবেশ ও প্রস্থান র‌্যাম্পের আধুনিকায়ন, সড়কের নিরাপত্তা বৃদ্ধি এবং পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যার সমস্যা মোকাবিলায়ও নেওয়া হয়েছে অবকাঠামোগত পদক্ষেপ।

অনুষ্ঠানে গভর্নর ক্যাথি হোকুল বলেন, এই প্রকল্পের মাধ্যমে ভ্যান উইক এক্সপ্রেসওয়েকে আরও নিরাপদ ও আধুনিক করে গড়ে তোলা হয়েছে। অন্যদিকে মেয়র জোহরান মামদানি বলেন, দীর্ঘদিন ধরে যানজটের কারণে কুইন্সের বাসিন্দাদের দৈনন্দিন জীবনে যে ভোগান্তি তৈরি হয়েছে, এই উন্নয়ন তা কমাতে ভূমিকা রাখবে।

কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস জানান, নতুন ব্যবস্থার ফলে কিছু যাত্রীর যাতায়াতের সময় ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত কমেছে বলে তাঁরা অভিজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৬০-এর দশকে নির্মিত ভ্যান উইক এক্সপ্রেসওয়ে দীর্ঘদিন ধরে নিউইয়র্কের অন্যতম যানজটপূর্ণ সড়ক হিসেবে পরিচিত। ২০১৭ সালে শুরু হওয়া বৃহৎ সংস্কার প্রকল্পের প্রধান কাজ শেষ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির প্রত্যাশা তৈরি হয়েছে।

তবে প্রকল্পের সব কাজ এখনো শেষ হয়নি। এক্সপ্রেসওয়ের পাশের সার্ভিস রোডের কিছু সংস্কারকাজ বাকি রয়েছে, যা আগামী বসন্তে সম্পন্ন হওয়ার কথা।

কুইন্সের বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন অভিবাসী জনগোষ্ঠীর বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। বিশেষ করে কর্মস্থল, ব্যবসাপ্রতিষ্ঠান এবং JFK বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রে নতুন এই অবকাঠামো উন্নয়ন সময় ও ভোগান্তি কমাতে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন কুইন্সবাসী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension