যুক্তরাষ্ট্র

অন্তঃসত্ত্বা অভিবাসী নারীদের আটক: ICE-এর বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলোর মামলা

নিজস্ব নীতিমালা লঙ্ঘনের অভিযোগ; স্বাস্থ্য ও মানবাধিকার নিয়ে উদ্বেগ

শাহ্ জে. চৌধুরী :
যুক্তরাষ্ট্রে গর্ভবতী, সন্তান প্রসব করেছেন এমন নারী এবং শিশুকে বুকের দুধ খাওয়ানো মায়েদের আটক রাখার অভিযোগে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (ICE)-এর বিরুদ্ধে মামলা করেছে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলো।

ওয়াশিংটনের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ICE তাদের ২০২১ সালের নিজস্ব নির্দেশনা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা নারীদের আটক রাখছে। এতে তাঁদের স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবাধিকার গুরুতর ঝুঁকির মুখে পড়ছে।

মামলায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৫৫৭ জন অভিবাসী মাকে আটক রাখা হয়। তাঁদের গড় আটক থাকার সময় ছিল ৪৩ দিন।

অভিযোগে কয়েকটি উদ্বেগজনক ঘটনার বিবরণও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে, কেনটাকিতে আটক এক অন্তঃসত্ত্বা নারীর জরুরি চিকিৎসা পেতে বিলম্ব এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর গর্ভপাতের ঘটনা। অন্য এক উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার নারী নবজাতক সন্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতে বিচার পাওয়ার অধিকার ত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন বলে মামলায় দাবি করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ICE-এর ২০২১ সালের নির্দেশনা অনুযায়ী বিশেষ ব্যতিক্রমী পরিস্থিতি বা আইনগত বাধ্যবাধকতা না থাকলে গর্ভবতী, সন্তান প্রসব-পরবর্তী অবস্থায় থাকা এবং শিশুকে বুকের দুধ খাওয়ানো নারীদের আটক করা উচিত নয়। কিন্তু সংস্থাটি সেই নীতি যথাযথভাবে অনুসরণ করছে না।

মামলাকারীরা আদালতের কাছে ICE-এর নিজস্ব সুরক্ষা নির্দেশনা কার্যকর করার নির্দেশ এবং নীতিমালা লঙ্ঘনের বিরুদ্ধে আইনি প্রতিকার চেয়েছেন।

অভিবাসন আইন প্রয়োগের পাশাপাশি আটক নারীদের চিকিৎসাসেবা, মাতৃত্বকালীন সুরক্ষা এবং মানবাধিকার নিশ্চিত করার প্রশ্নটি এই মামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনায় এসেছে।

তথ্যসূত্র: The Washington Post

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension