
মুখ শনাক্তে বিতর্কিত প্রযুক্তি কিনল IRS, গোপনীয়তা নিয়ে উদ্বেগ
Clearview AI-এর সঙ্গে ৬৩ হাজার ডলারের চুক্তি; আগের অবস্থান থেকে সরে এলো মার্কিন কর বিভাগ
হোসনেআরা চৌধুরী :
ব্যক্তির ছবি বিশ্লেষণ করে পরিচয় শনাক্তের বিতর্কিত প্রযুক্তি ব্যবহারে আগের অবস্থান থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (IRS)। সংস্থাটির অপরাধ তদন্ত বিভাগ মুখ শনাক্তকরণ প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান Clearview AI-এর সঙ্গে ৬৩ হাজার ডলারের সাবস্ক্রিপশন চুক্তি করেছে।
Biometric Update-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১৬ মার্চ থেকে চুক্তিটি কার্যকর হয়েছে। প্রাথমিকভাবে এর মেয়াদ ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত। তবে ২০৩১ সাল পর্যন্ত চুক্তির সম্ভাব্য মোট মূল্য ৩ লাখ ৪৮ হাজার ১২৪ ডলারে পৌঁছাতে পারে।
চুক্তিটি IRS-এর আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। ২০২৪ সালের মে মাসে সরকারি নিরীক্ষা সংস্থা Government Accountability Office (GAO)-কে IRS জানিয়েছিল, তারা বেসরকারি প্রতিষ্ঠানের মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করছে না এবং ভবিষ্যতেও ব্যবহারের পরিকল্পনা নেই।
Clearview AI-এর প্রযুক্তি ইন্টারনেটের উন্মুক্ত উৎস থেকে সংগৃহীত ছবির সঙ্গে কোনো ব্যক্তির ছবি মিলিয়ে পরিচয় শনাক্ত করতে সহায়তা করে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, FBI-নেতৃত্বাধীন একটি যৌথ তদন্ত কার্যক্রমে IRS-এর ১০ জন এজেন্ট ও তিনজন বিশ্লেষক যুক্ত ছিলেন। ওই তদন্তে অভিবাসনবিরোধী বিক্ষোভ-সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে মুখ শনাক্তকরণ ও ট্যাটু বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহারের তথ্য সামনে এসেছে। তবে সেখানে Clearview AI-এর প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল কি না, তা নিশ্চিত নয়।
সরকারি তদন্তে বেসরকারি মুখ শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা, তথ্যের নিরাপত্তা এবং সরকারি নজরদারির সীমা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।



