বাংলাদেশরাজনীতি

‘আমি অনেক অত্যাচার ও লাঞ্ছনা সহ্য করেছি’- এরশাদ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি হাই স্কুল মাঠে উপজেলা জাতীয় পার্টি জনসভার আয়োজন করে। জনসভার বক্তৃতায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যদি আবার ক্ষমতায় আসতে পারি, তাহলে শান্তি ফিরে আসবে, সমস্ত ব্যথা-বেদনা দূর হবে। মৃত্যুর আগে একবার হলেও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চাই। আমি অনেক অত্যাচার ও লাঞ্ছনা সহ্য করেছি।

তিনি বলেন, আমাদের ধ্বংস করার চেষ্টা হয়েছে। আমাকে জেলে যেতে হয়েছে অনেকবার। আবার নতুন সূর্য উঠবে, এই অপেক্ষায় আছি।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, একদল বলছে- নির্বাচন হবে; আরেক দল বলছে- আন্দোলন হবে। এই ঠেলাঠেলির মধ্যে দেশ আজ মহাসঙ্কটে। মানুষ শান্তিতে নেই, রাস্তায় লাশ পড়ে থাকে, মায়ের বুক খালি হচ্ছে, মানুষ ন্যায়বিচার পায় না। খুন-হত্যা-জুলুম ও অন্যায়-অত্যাচার থেকে মানুষ মুক্তি চায়। তিনি বলেন, নির্বাচন ছাড়া দেশে সরকার পরিবর্তন সম্ভব নয়। তাই আমরা আগামী নির্বাচনে অংশ নেব। আর কে নির্বাচনে এলো, কে এলো না- আমরা তা পরোয়া করি না। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল।

সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় না। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিন। জাতীয় পার্টি যে কোনও মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনটি জাতীয় পার্টির ছিল। এটি আবার ফেরত চাই।

জাপা চেয়ারম্যান এ সময় এ আসন থেকে দলের মনোনীত প্রার্থী হিসেবে কাজী মো. মামুনূর রশিদের নাম ঘোষণা করে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। জনসভায় জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা ধ্বংসে বিশ্বাস করি না, উন্নয়নে বিশ্বাস করি। জনগণের অধিকার আদায়ে জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে।

নবীনগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মো. মামুনূর রশিদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতী, জেলা জাপার আহ্বায়ক জিয়াউল হক মৃধা এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া এমপি, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায়, উপজেলা জাপার সদস্য সচিব মোসলেম উদ্দিন মৃধা, মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension