ভারত

”বামেরা নাস্তিক! তাই মন্দির ধ্বংস করতে চাইছে”

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: শবরীমালা ইস্যুতেই ভক্তদের পাশেই থাকবে বিজেপি। অমিত শাহ একথা বলার পর রবিবার ফের এমনটাই বললেন কেরলে বিজেপির ইউনিট প্রেসিডেন্ট পিএস শ্রীধরন পিল্লাই। শবরীমালায় প্রবেশাধিকার ইস্যুতে বিজেপি বিক্ষোভ কর্মসূচী নেবে বলেও জানিয়েছেন তিনি।

ওই বিজেপি নেতা বলেন, ৪০০০ নিরপরাধ মানুষকে অযথা গ্রেফতার করা হয়েছে। সেইজন্য বিজেপি ত্রিবান্দ্রমে ডিজিপি-র অফিসের সামনে একদিন অনশন ধর্নায় বসবে। সেখান থেকে এসপি অফিসেও যাবে তারা। আগামী ৮ নভেম্বর থেকে ছ’দিন বিজেপির রথযাত্রা হবে কাসারগুড় থেকে শবরীমালা পর্যন্ত। ওই বিজেপি নেতা কেরলের রাজ্য সরকার প্রসঙ্গে বলেন, ”শাসক দলের সব নেতারাই নাস্তিক। আর ওরা শবরীমালা মন্দির ধ্বংস করে দিতে চাইছে।”

রবিবার পর্যন্ত এই ইস্যুতে কেরল জুড়ে ৫১৭টি পুলিশ কেস হয়েছে। আপাতত বন্ধ রয়েছে শবরীমালা মন্দির। নভেম্বরে ৫ তারিখে বিকেল পাঁচটায় ফের খুলবে মন্দির। বন্ধ হবে পরের দিন রাত ১০টায়।

বিজেপি নেতার দাবি, এমার্জেন্সির মত পরিস্থিতি তৈরি হয়েছে কেরলে। মধ্যরাতে লোকজনে গ্রেফতার করা হচ্ছে। তিনি আরও জানান যে রাজ্য জুড়ে লর্ড আয়াপ্পার অনেক মন্দির থাকলেও শবরীমালা এদের মধ্যে অনন্য।

অপরদিকে ২৮ সেপ্টেম্বর এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট শবরীমালা মন্দিরে সববয়সী মহিলাদের প্রবেশাধিকারের অনুমতি দেয়৷ প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই রায় দেয়৷ এরপর বহু মহিলা মন্দিরে প্রবেশের চেষ্টা করলেও পুরনো বিশ্বাস থেকে ঋতুমতী মহিলাদের প্রবেশ করতে বাধা দিচ্ছে ভক্তরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension