
পাক অধিকৃত কাশ্মীরে চিনের বাস পরিষেবা নিয়ে আপত্তি জানাল ভারত
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সড়কপথে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবার বাস পরিষেবা চালু করতে চলেছে চিন৷ পাকিস্তানের লাহোর থেকে চিনের কশগর পর্যন্ত চলবে বিলাসবহুল বাস৷ তবে চিনের এই বাস পরিষেবা নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে ভারত৷ কেননা পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে বাস চালাবে চিন৷ ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে চিনের বাস চালানোর প্রবল বিরোধিতা করেছে ভারত৷
এই বাস পরিষেবা প্রস্তাবিত চিন-পাকিস্তান ইকোনমিক করিডরের অন্তর্ভুক্ত৷ ভারত শুরু থেকেই এই করিডরের বিরোধিতা করে আসছে৷ প্রস্তাবিত চিন-পাকিস্তান করিডরটি সেই পাক অধিধৃত কাশ্মীরের মধ্যে দিয়েই যাবেই৷ রবীশ কুমার জানিয়েছেন, ১৯৬৩ সালে স্বাক্ষরিত তথাকথিত চিন-পাকিস্তান বাউন্ডারি চুক্তি অবৈধ ও বাতিলের সমান৷ সেই চুক্তিকে ভারত সরকার স্বীকৃতি দেয় না৷ তাই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের এই বাস পরিষেবা ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে লঙ্ঘন করে৷
We have lodged strong protests with China and Pakistan on the proposed bus service that will operate through Pakistan Occupied Jammu and Kashmir (POJ&K) under the so-called ‘China-Pakistan Economic Corridor’: MEA
— ANI (@ANI) October 31, 2018
আগামী শনিবার থেকে চালু হবে এই বাস পরিষেবা৷ রেডিও পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের লাহোর থেকে আফগান সীমান্তের কাছে অবস্থিত চিনের কশগর পর্যন্ত ৩০ ঘণ্টার যাত্রাপথ যেতে পাকিস্তানের মুদ্রায় খরচ পড়বে ১৩ হাজার টাকা৷ ভারতীয় মুদ্রায় যা সাত হাজার টাকার একটু বেশি৷
ভৌগলিকগতভাবে পাকিস্তানের সঙ্গে চিনের কোনও সীমান্ত নেই৷ একমাত্র পাক অধিকৃত কাশ্মীর ইসলামাবাদকে বেজিংয়ের সঙ্গে সংযুক্ত করে৷ আগে ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত ছিল৷ কিন্তু পাকিস্তান জোর করে কাশ্মীরের একটি অংশ তাদের দখলে রাখায় সেই সীমান্ত আর নেই৷



