প্রধান খবরবাংলাদেশরাজনীতি

ক্ষমতাসীন জোটের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ সমাপ্ত

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন জোটের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সংলাপ সমাপ্ত হয়েছে। প্রায় সাড়ে ৩ ঘণ্টার সংলাপ শেষে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘আলোচনা ভালো হয়েছে।’ তবে এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া সংলাপ রাত ১০টা ৪০ মিনিটের দিকে শেষ হয়। সংলাপ শেষে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের ব্রিফ করেন। তবে জাতীয় ঐক্যজোটের পক্ষ থেকে জানানো হয়েছে, গণফোরাম সভাপতি ড. কামালের বাসভবনে সংবাদ সম্মেলন করে সংলাপের বিষয়েসাংবাদিকদের জানানো হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর পরই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন জোটের নেতাদের সঙ্গে সংলাপে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস ও আবদুল মঈন খান। ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টে সক্রিয় জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন, সাবেক দুই সংসদ সদস্য এস এম আকরাম ও সুলতান মো. মনসুর আহমেদ।

আরও ছিলেন জেএসডির আ স ম আবদুর রব, তানিয়া রব, আবদুল মালেক রতন, গণফোরামের সুব্রত চৌধুরী ও মোস্তফা মহসিন মন্টু, মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিকউল্লাহ এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।

ক্ষমতাসীন জোটের নেতাদের মধ্যে সংলাপে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের সিনিয়র নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের একাংশের কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার অংশ হিসেবে গত রোববার সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট। পরদিনই সংলাপে রাজি হওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ শেখ হাসিনার আমন্ত্রণপত্র ড. কামাল হোসেনের কাছে পৌঁছে দেন। সেই আমন্ত্রণ গ্রহণ করেই আজ বৃহস্পতিবার গণভবনে যান ঐক্যফ্রন্টের প্রতিনিধিরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension