
‘বাংলার জনগণ জেগেছে, দাঁড়াতে হবে শক্তভাবে’
গনি আল-মারুফ
কারও সঙ্গে আপোষ না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বলেছেন, জনগণ জেগেছে, জনগণকে রুখার উপায় কারও নেই। আমি কোনও দলের সদস্য হিসেবে বলছি না। দেশের মালিক হিসেবে আপনারা দাঁড়িয়ে যান। জেলায় জেলায়, থানায় থানায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। রাস্তা, নৌপথ, রেলপথ বন্ধ করে জনগণকে নিষ্ক্রিয় রাখা যাবে না। যেভাবে দেশ চলছে তা হতে পারে না। সুষ্ঠু ভোটের জন্য আপনারা শপথ নিন।
মঙ্গলবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন ড. কামাল হোসেন। আর জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ছিলেন প্রধান বক্তা ।
ড. কামাল হোসেন বলেন, যেভাবে মানুষকে বন্দি করা হচ্ছে এভাবে এটা করা যায় না। এসব অবৈধ, অপরাধ। এসব থেকে মানুষকে মুক্ত করতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ থাকব। সমবেত হয়ে সিদ্ধান্ত নেব অন্যায় থেকে দেশকে মুক্ত হতে হবে। আমাদের সবাইকে মিলে পাহারাদার হতে হবে।তিনি বলেন, দেশে গণতন্ত্রের কথা বলে ক্ষমতার অপপ্রয়োগ করেছেন। আমাদের বাঁচার উপায় হল জনগণকে দাঁড়াতে হবে। বাস বন্ধ করে, ট্রেন বন্ধ করে জনগণকে ভোগান্তিতে ফেলে আন্দোলন করা যাবে না।
বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামীকাল বুধবার সংলাপ সফল না হলে এবং দাবি না মানলে পরদিন (৮ নভেম্বর) রাজশাহী অভিমুখে রোডমার্চ করবে ঐক্যফ্রন্ট। এর পরদিন (৯ নভেম্বর) রাজশাহীতে জনসভা হবে। একে একে খুলনা ও বরিশাল অভিমুখেও রোডমার্চ হবে। এছাড়া সংলাপে দাবি না মেনে তফসিল ঘোষণা করা হলে নির্বাচন কমিশন ভবন অভিমুখে পদযাত্রা করবে ঐক্যফ্রন্ট।
একাদশ সংসদ নির্বাচনের জন্য আবারও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমাদের ওপর অনেক অত্যাচার হয়েছে, আর নয়। জনগণ মুক্তি পাক। নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে দাবি মেনে নিতে হবে।তিনি বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে পরাস্ত করতে চাই।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, এটা জাতীয় ঐক্যের জনসভা। সরকারকে বলব, এখানে এসে দেখে যান, কিভাবে বাংলার মানুষ জেগে উঠেছে। সংসদ ভেঙে দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন, সেটা না হলে জাতির ক্ষতি হবে। গায়েবি মামলা বন্ধ করতে হবে। নইলে জনতার আদালতে বর্তমান সরকারের বিচার হবে।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর আহ্বানের সাড়া দিয়ে আমরা একদিন স্বাধীনতা এনেছিলাম, এখন ড. কামাল হোসেনের নেতৃত্বে দেশের গণতন্ত্রকে মুক্ত করব, খালেদা জিয়াকে মুক্ত করব।ঐক্যফ্রন্টে যোগ দেওয়া প্রসঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, আমি বিএনপিতে যোগ দেই নি। আমি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি।
সংলাপে সাড়া দেওয়ায় সরকারকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সংলাপে সমঝোতা না হলে মাঠে নামা ছাড়া কোনও উপায় খোলা নেই। আন্দোলন ছাড়া কোনও কাজ হবে না। এজন্য নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।ভবিষ্যতে দেশে জাতীয় ঐক্যফ্রন্ট গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করবে বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, আজকের বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকারকে সাত দফা দাবি মেনে নিতে হবে। জোর করে কোনও নির্বাচন করা যাবে না। খালেদাকে মুক্তি দিতে হবে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার দাবী না মানলে রাজপথ প্রকম্পিত করে দাবী অাদায় করা হবে। মুখে মুখে সংলাপ নয়, নিরপেক্ষ নির্বাচন এবং নেতাকর্মীদের গ্রেফতার না করার লিখিত গ্যারান্টি দিতে হবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনারা জানেন আমি একজন মুক্তিযোদ্ধা ও চিকিৎসক। তাহলে প্রশ্ন হল আমি এখানে কেন এসেছি। আজকে উন্নয়নের জোয়ারে সরকারের চোখে ছানি পড়েছেন। আপনাদের এই আওয়াজ তাদের কানে পৌঁছায় না।
ঐক্যফ্রন্টের অন্যতম বর্ষীয়ান নেতা ডাকসুর সাবেক ভিপি ও বর্ষীয়ান ছাত্রনেতা সুলতান মোহাম্মদ মনসুর বলেন, সংলাপে বসতে বাধ্য হয়েছে সরকার। একবার না আরেকবার বসতে চেয়েছে। ৭ দফা বাস্তবায়ন চাই। কামাল হোসেনের নেতৃত্বে সংলাপে যদি মেনে নেয় তবে ভালো।না হলে রাজপথে দাবী আদায় হবে।
এর আগে কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্যদিয়ে সাত দফা দাবিতে দুপুর পৌনে দুটার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু হয়। সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, খালেদা জিয়াসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম জনসভাকে কেন্দ্র করে উদ্যান, শাহবাগ ও রমনা এলাকাসহ পুরো রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। গত সোমবার (৫ নভেম্বর) ডিএমপি থেকে ২৪টি শর্ত যুক্ত করে ঐক্যফ্রন্টের এই সমাবেশের অনুমোদন দেওয়া হয়।



