
আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর হস্তান্তর প্রক্রিয়া
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের ছয় মাসের মাথায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের স্যাটেলাইট প্রকল্প অফিস থেকে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিকানা সম্পূর্ণভাবে ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেসের কাছ থেকে আজ শুক্রবার ৯ নভেম্বর বিকেল ৫টায় গ্রহণ করবে বাংলাদেশ। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটিড (বিসিএসসিএল) সূত্র এ তথ্য জানিয়েছে।
গেল বুধবার স্যাটেলাইট হস্তান্তর নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, বিসিএসসিএল বোর্ডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ অন্য সদস্যরা।

গেল ১১ মে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণের পর কক্ষপথে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ১১৯ দশমিক ১ ডিগ্রিতে পৌঁছয়। ইতোমধ্যে ইন অরবিট টেস্টসহ (আইওটি) নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। এই স্যাটেলাইট নানা সফলতার মুখ দেখিয়েছে। এ স্যাটেলাইটের মাধ্যমে সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করা হয় এবং দুবাইতে এশিয়া কাপ ক্রিকেটের সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন।



