প্রধান খবরবাংলাদেশরাজনীতি

আগুন-সন্ত্রাস ছাড়া বিএনপি আর কিছুই পারে না: প্রধানমন্ত্রী

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: জনগণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন চায় জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির প্রতি আমার অনুরোধ, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র করে পার পাবেন না। কারণ, জনগণ এখন আমাদের সঙ্গে আছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন ঘিরে যখন চারদিকে উৎসবমূখর পরিবেশ, তখন বিএনপির খারাপ লাগে। আগুন-সন্ত্রাস ছাড়া বিএনপি আর কিছুই পারে না। সহিংসতা ঘটিয়ে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোটাই বিএনপির কাজ। তারা শুধু পুলিশকেই মারে, ২০১৪ সালেও দেখলাম, গতকালও দেখলাম।

শেখ হাসিনা বলেন, সবাই দাবি করেছে তাই নির্বাচন কমিশন নির্বাচনের সময় পিছিয়ে দিয়েছে। সবাই যখন আসলো তখন একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হল নির্বাচনে। কিন্তু জনগণ যখন নির্বাচন নিয়ে উৎসবমূখর হয় তখন বিএনপির খুব খারাপ লাগে। সেটাই গতকাল (বুধবার) দেশবাসী দেখল। কোনও কথা নাই, বার্তা নাই মিছিল নিয়ে এসে মারপিট করল, পুলিশকে আহত করল, পুলিশের গাড়ি পোড়াল। ২০১৫ সালে তারা যেভাবে অগ্নিসন্ত্রাস করেছে সেই একই কায়দায় এসব করল। অগ্নিসন্ত্রাস ছাড়া, মানুষ পোড়ানো ছাড়া বিএনপি কোনও কাজ করতে পারে না এটাই প্রমাণ করেছে। যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত দশ বছরে দেশে যে উন্নয়ন করেছে আমরা খুব আশাবাদী আবার জনগণের ভোটে নির্বাচিত হব, জনগণ ভোট দেবে। উন্নয়নের যে গতি আমরা সৃষ্টি করেছি তা অব্যাহত থাকবে দেশ এগিয়ে যাবে। জনগণ তাদের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবে সেই বিশ্বাস আমাদের আছে। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাসসহ যে কোনও অপ্রীতিকর কর্মকাণ্ড দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। তাদের ভোটের অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের সাংবিধানিক অধিকার তাদের রক্ষা করতে হবে। এই অধিকার প্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখতে আমরা তাদের পাশে আছি এবং থাকব।

এর আগে বিকেল ৩টা ৩৫ মিনিটে শেখ হাসিনা উপস্থিত হন তার রাজনৈতিক কার্যালয়ে। এর পরপরই শুরু হয় সংসদীয় বোর্ডের সভা।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension