
লিগের মাঝেই মোহনবাগানে অধিনায়ক বদল
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : প্রথম একাদশে এখন নিয়মিত নন, তাঁর জায়গায় বাগানের তেকাঠি সামলাতে দেখা যায় এখন শংকরকে৷ এবার নেতৃত্বও খোয়ালেন শিল্টন পাল৷ তার পরিবর্তে লিগের মাঝে কিংসলেকে নেতা বেছে নিল কর্তারা৷
অভিমানী শিল্টন অবশ্য বলছেন, নেতৃত্ব বদল নিয়ে তিনি কিছুই জানতেন না৷ মরশুমের শুরুতে শিল্টনকে গোটা মরশুমের জন্য অধিনায়ক ঘোষণা করে মোহনবাগান৷ তাঁর নেতৃত্বে আট বছর পর কলকাতা লিগ জেতে গঙ্গা পারের ক্লাব৷ আই লিগেও তিনিই ছিলেন দলের নেতা৷ দলে নিয়মিত না থাকায় তাঁর পরিবর্তে নেতৃত্ব দিতে দেখা যেত কিংসলেকে৷ ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচে অবশ্য তেকাঠির নীচে ফিরলেও ক্যাপ্টেন্স আর্মব্যান্ড ছিল কিংসলের হাতে৷ এরপরই বাগানের নেতা কে সেই নিয়ে জল্পনা শুরু হয়৷
বৃহস্পতিবার ক্রীড়া সাংবাদিক ক্লাবে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার নিতে এসে শিল্টন বলেন, ‘অ্যারোজ ম্যাচে ড্রেসিংরুমে গিয়ে নেতৃত্ব থেকে বাদ পড়ার কথা জানতে পারি৷ কিংসলকে নেতা বাছায় অখুশি নই৷ বিষয়টা আমাকে জানিয়ে করলে খুশি হতাম৷’
সেই সঙ্গে অভিমানী শিল্টন আরও জুড়েছেন, ‘আগের কমিটি আমায় অধিনায়ক করেছিল৷ নতুন কমিটি আসার পর নেতৃত্বে বদল এসেছে৷ ক্লাবের হয়ে ১৩ বছরের বেশি সময় খেলছি৷ সিদ্ধান্ত নেওয়ার আগে কর্তারা একবার বিষয়টা জানাতে পারত৷’
লিগে মোহনবাগানের পরবর্তী ম্যাচ ২০ নভেম্বর৷ কাশ্মীরের দল রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে শিল্টল-ডিকারা৷



