খেলা

শুধু ভারতের দিকে আঙুল কেন, প্রশ্ন শাস্ত্রীর

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ভাঙবেন তবু মচকাবেন না৷ ভারতীয় কোচ রবি শাস্ত্রীর মনোভাব খানিকটা এমনই৷ বিতর্কিত মন্তব্যে পটু শাস্ত্রীর উদ্ধত কথাবার্তায় ভারতীয় ক্রিকেটমহল কতটা বিরক্ত, সংবাদমাধ্যমের দৌলতে তা এতদিনে সবার জানা৷ সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাভাসকর, বীরেন্দ্র সেহওয়াগের মতো প্রাক্তনদের প্রায়শই শাস্ত্রীর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে৷

ইংল্যান্ড সফর চলাকালীন শাস্ত্রীর টিম কোহলি সম্পর্কে ‘সর্বকালের সেরা সফরকারী ভারতীয় দল’ মন্তব্যে শুধু দেশের ক্রিকেট মহলই নয়, বরং ভিন্নমত পোষণ করেছে আন্তর্জাতিক ক্রিকেটমহলও৷ ক’দিন আগে স্টিভ ওয়া জানিয়েছেন যে, তিনি মনে করেন না সে সব ভারতীয় দলের বিরুদ্ধে তিনি খেলেছেন, তাদের থেকে কোহলির নেতৃত্বাধীন এই দলটা অনেক শক্তিশালী৷

এহেন রবি শাস্ত্রী অস্ট্রেলিয়া সফরের শুরুতে নিজের অতীত মন্তব্যকে কার্যত আড়াল করার চেষ্টা করে গেলেন৷ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে হেরে আসার পর টিম ইন্ডিয়ার কাছে অস্ট্রেলিয়া সফর কতটা গরুত্বপূর্ণ, এমন প্রশ্নের উত্তরে শাস্ত্রীর পাল্টা জিজ্ঞাসা, সাম্প্রতিক অতীতে কোনও দল বিদেশ সফরে ভালো ফল করছে? কোনও দলই যদি বিদেশে তেমন একটা সফল না হয়, তবে শুধু মাত্র ভারতের দিকেই আঙুল তোলা হচ্ছে কেন?

শাস্ত্রীর কথায়, ‘আগের ভুল থেকে সবাই শিখতে চায়৷ যদি বিদেশ সফরের কথা ধরা হয়, তবে আর সব দলগুলোর দিকে তাকালে বোঝা যাবে তারাও ভালো কিছু করতে ব্যর্থ৷ ভালো সফরকারী দল তেমন একটা নেই৷ নব্বইয়ের দশকে অস্ট্রেলিয়া বিদেশ সফরে দারুণ ক্রিকেট খেলেছে৷ মাঝের সময়ে দক্ষিণ আফ্রিকাও কয়েকটা বিদেশ সফরে ভালো ফল করেছে৷ এই দু’টো দল ছাড়া গত পাঁচ-ছ’বছরে আপনারা আমাকে বলুন, কোন দল ভালো বিদেশ সফর করে? তাহলে শুধু ভারতকে নিয়ে কথা হচ্ছে কেন?’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension