
অরিত্রী আত্মহত্যাকান্ড: শিক্ষিকা হাসনা হেনা কারাগারে
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থী অরিত্রী আত্মহত্যার ঘটনায় গ্রেফতার ভিকারুননিসার শিক্ষিকা হাসনা হেনাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে গোয়েন্দা পুলিশ। আজ ৬ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩টা ২০ মিনিটে গোয়েন্দারা রিমান্ড চেয়ে হাসনা হেনাকে আদালতে প্রেরণ করেন।
এদিকে শিক্ষিকার আইনজীবী জামিন আবেদন করলে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসনা হেনা কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
তাকে কারাগারের মহিলা ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানান, কারা তত্বাবধায়ক ইকবাল আহমেদ।
পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন জানান, শিক্ষিকার আইনজীবী তার জামিনের আবেদন করলেও রিমান্ডের আবেদন করে নি পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে হাসনা হেনা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, আমার কাজ হল কলেজে কোনও মেয়ে যদি ঝামেলা করে, তাহলে তার বাবা-মাকে নিয়ে প্রিন্সিপালের কাছে দাঁড় করানো। মোবাইল পাওয়ার কারণে আমি তাই করেছিলাম। এছাড়া আমার কোনও দায় নেই। অরিত্রির বাবা-মায়ের সঙ্গে কোনও কথা হয় নি আমার। অধ্যক্ষ আমাকে যা বলেছেন আমি তাই করেছি।
৩ ডিসেম্বর সোমবার দুপুরে অরিত্রীর আত্মহত্যার পর ভিকারুননিসার শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে গত বুধবার মধ্যরাতে গোয়েন্দাদের হাতে আটক হন অরিত্রীর শ্রেণী শিক্ষক হাসনা হেনা।
সোমবার রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস দেন অরিত্রী অধিকারী। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর পল্টন থানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণী শিক্ষিকা হাসনা হেনার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার মামলা দায়ের করেন অরিত্রীর বাবা।
ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কর্তৃক বাবা-মায়ের অপমান সইতে না পেরে আত্মহুতি দেন বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারী।



