প্রধান খবরযুক্তরাষ্ট্র
ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেনের তিন বছরের কারাদন্ড
রূপসী বাংলা ঢাকা আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘসময় ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে একাধিক অভিযোগে বুধবার নিউ ইয়র্কের আদালত ৩৬ মাসের জেল দিয়েছে। মাইকেল কোহেন ২০১৬ সালে নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে জড়িত দুই নারীকে নিরব থাকতে আর্থিক সুবিধা দেওয়া এবং রাশিয়ায় প্রস্তাবিত ট্রাম্প টাওয়ার প্রজেক্ট বিষয়ে কংগ্রেসে মিথ্যা বলা, নির্বাচনী প্রচারে আর্থিক নিয়ম ভাঙা এবং কর ফাঁকি দেওয়ার অপরাধে কোহেন এই শাস্তি পেলেন। প্রতিটি অপরাধই মাইকেল কোহেন স্বীকার করেছেন।
ম্যানহাটনের মার্কিন জেলা জজ উইলিয়াম পাওলি এই শাস্তি প্রদান করতে গিয়ে এমন একজন অসাধারণ আইনজীবীর মুখোমুখি হয়েছিলেন যিনি একসময় বলতেন তিনি ট্রাম্পের জন্যে বুলেট নেবেন, কিন্তু এখন তিনিই সরাসরি অপরাধমূলক আচরণে প্রেসিডেন্টকে জড়িত করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এসব কাজ করেছেন বলে দাবি করে আদালতে দাঁড়িয়ে কোহেন বিচারককে বলেন, ট্রাম্প তাকে আলোর পথে হাঁটার বদলে অন্ধকার পথে ঠেলে দিয়েছেন। কোহেন আরও বলেন তিনি প্রেসিডেন্টের প্রতি ‘অন্ধ আনুগত্য’ থেকে অপরাধ করেছেন।
দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস্



