
দেব সেনাপতি পার্বতী নন্দন শ্রী কার্ত্তিক পুজো।
দেব সেনাপতি কার্তিকের ধ্যান মন্ত্র অনুযায়ী , তিনি মহাভাগ ( দয়াদি অষ্ট গুন যুক্তা ), ময়ূরের উপর উপবিষ্ট। তাঁর অঙ্গকান্তি তপ্ত কাঞ্চন বর্ণের মতো। তিনি শক্তি অস্ত্র ধারন করেন। তিনি বর প্রদান করেন, দ্বিভুজ, শত্রু নাশকারী, নানা অলঙ্কারে ভূষিত। তাঁর ছয়টি আনন প্রসন্নতায় ভরা। তিনি সন্তান প্রদান করেন ।
ভগবান শিব ও মাতা পার্বতীর পুত্র হলেন কার্ত্তিক । পুরান অনুযায়ী তারকাসুর নামক এক দৈত্য প্রজাপতি ব্রহ্মার কাছে বর পেয়েছিল কেবল শিবপুত্রের হাতেই নিহত হবে। কিন্তু সেসময় দেবী সতী প্রয়ান করেছেন। দেবাদিদেব শিব গভীর ধ্যানে মগ্ন । কিন্তু মা সতী পুনঃ জন্ম নিলেন হিমালয় রাজার গৃহে। তাঁর এই রূপের নাম হোলো পার্বতী । কালে কালে শিব ও পার্বতীর বিবাহ হোলো। তদীয় সন্তান কার্ত্তিক সেই মহাবলশালী তারক অসুরকে বধ করে ত্রিলোক কে অসুর আতঙ্কের থেকে মুক্ত করলেন ।
কুমার কার্তিকের পিতামাতা হর গৌরী হলেও তিনি লালিত পালিত হয়েছিলেন ছয় কৃতিকার ভবনে। তাই তিনি কৃতিকার সন্তান রূপে কার্ত্তিক নাম প্রাপ্ত করেন । তিনি ছয় মস্তক বিশিষ্ট বলে তাঁর নাম ষড়ানন । মহাদেবের তেজ ক্ষরিত হয়ে কার্ত্তিকের জন্ম হয় বলে তিনি স্কন্দ নামে পরিচিত। স্কন্দের মা দেবী গৌরীর এক নাম স্কন্দমাতা । কার্ত্তিক কে ক্ষত্রিয় শক্তির প্রতীক ধরা হয়। এই স্বরূপেই তিনি মা দুর্গার সাথে পূজিত হন । তিনি শত্রু নাশ করেন। তাই তিনি শক্তি অস্ত্র ধারন করেন । কুমার কার্ত্তিক কে অবিবাহিত বলা হলেও দেবীভাগবত ও ব্রহ্মবৈবর্ত পুরানে কার্ত্তিককে বিবাহিত বলে লিখিত আছে ।
কুমার কার্ত্তিকের বাহন হোলো ময়ূর । মহাভারত মতে অগ্নি দেবতা কার্ত্তিক কে এই বাহন দিয়েছেন। মৎস্য পুরান মতে বিশ্বকর্মা দিয়েছিলেন। ময়ূর কেন বাহন হোলো? পুরান মতে কার্ত্তিক ঠাকুর সুন্দর ও অপরূপ । সেই ভাবে দেখা যায় ময়ূর অত্যন্ত সুন্দর , যখন সে পেখম মেলে তার সৌন্দর্য আরোও বৃদ্ধি পায় । সেই দিক থেকে সে এই দেবতার বাহন। আবার দেখা যায় ময়ূর সঙ্ঘবদ্ধ ভাবে বাস করে। কুমার কার্ত্তিক কে ক্ষত্রিয় শক্তির প্রতীক ধরা হয় । সেই দিক থেকে একটা সঙ্ঘবদ্ধ উদাহরণ হিসাবে ময়ূরকে কার্ত্তিকের বাহন রূপে ধরা হয় । ময়ূর অত্যন্ত ক্ষিপ্র তার সাথে সর্প আদি আহার কে ধরে ভক্ষণ করে। ময়ূরের এই শত্রু নাশের ক্ষিপ্র ভাব যা ক্ষত্রিয়ের রন্ধে রন্ধে জাগা যুদ্ধ মনোভাবের পরিচয়। এই দিক থেকে ময়ুর বাহন । ময়ুরের আলস্যতা নেই। সে প্রাতে উত্থান করে। সেই রূপ ক্ষত্রিয় দের আলস্য আদি ত্যাগ করতে হয়। এই সব দিক থেকে ময়ূর কার্ত্তিকের বাহন হিসাবে উপযুক্ত ।
জয় দেব সেনাপতি কার্তিকের জয়
দেবাদিদেব মহাদেব



