
উত্তর কোরিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আনছে যুক্তরাষ্ট্র
রূপসী বাংলা ডেস্ক:উত্তর কোরিয়াকে পরমাণু ক্ষেপণাস্ত্র কর্মসূচী থেকে বিরত রাখতে দেশটির বিরুদ্ধে আরও কঠোর একটি প্যাকেজ নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার নিজের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প। এসময় উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেছেন, দেশটির বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের (ফেস টু) নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এতেও যদি কাজ না হয়, তাহলে তা গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ওপর বক্তব্য রাখার সময় তিনি বলেন, বর্তমানে সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করছে জাতি ও দেশ। শুক্রবার দেশের নিরাপত্তার অজুহাত তুলে এক ব্যক্তি, ২৭ কোম্পানি এবং ২৮ জাহাজের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।
এ সময় উত্তর কোরিয়ায় তেল ও কয়লা পাচার বন্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞার বাইরে গিয়ে একটি পৃথক কালো তালিকা প্রস্তুত করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। যার ফলে চোরাপথে বাইরে থেকে তেল পাচারের সুযোগ হারাবে পিয়ংইয়ং। এর আগে দেশটির বিরুদ্ধে একাধিকবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কিন্তু তারপরও ক্ষেপণাস্ত্র উত্তোলন বন্ধ রাখেনি পিয়ংইয়ং সরকার।
এবার তাই আরও বড় নিষেধাজ্ঞার হুমকি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে উত্তর কোরিয়া জানিয়েছে, তাদের পরমাণু ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্রের উৎপাদন পুরোদমে চলবে।
সূত্র: রয়টার্স



