
যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে ৩ ভারতীয় শিশুর মৃত্যু
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: ক্রিসমাসের ছুটিতে যুক্তরাষ্ট্রের টেনেসিতে বেড়াতে গিয়েছিল ভারতের তেলঙ্গানা রাজ্যের তিন ভাই-বোন। রোববার রাতে আগুনে পুড়ে ওই তিন ভারতীয় শিশুসহ মারা গেছে চারজন। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারি কুদ্রিয়ে নামে এক মার্কিন নারীর আমন্ত্রণে তার টেনেসির কলিয়েরভিল এলাকার বাড়িতে বড়দিন কাটাতে যায় দুই বোন সাতভিকা নাইক (১৭), জয়া নাইক (১৫) এবং তাদের ভাই সুহান নাইক (১৪)।
বড়দিন উপলক্ষে রোববার রাতে তারা ঘরোয়া পার্টির আয়োজন করেছিল। স্থানীয় সময় রাত এগারোটা নাগাদ অকস্মাৎ ওই বাড়িতে আগুন ধরে যায়। আগুনে পুড়ে ওই তিন ভারতীয় ভাই-বোনের পাশাপাশি মারা গেছেন গৃহকর্ত্রী কারি কুদ্রিয়ে ( ৪৬)।
কুদ্রিয়ে পরিবারের বন্ধু কেথ পটস জানান, ওই তিন ভারতীয় কিশোর কিশোরীরা মিসিসিপি অঙ্গরাজ্যের একটি স্কুলে পড়ত। এবার শীতের ছুটিতে তারা ভারতে মা-বাবার কাছে যেতে পারেনি। তাই বড়দিন উপলক্ষে আনন্দ করতে কুদ্রিয়েদের বাড়িতেই গিয়েছিল।
তেলঙ্গানার নালগোন্দা জেলার একটি গির্জায় যাজকের কাজ করেন নিহতদের বাবা শ্রীনিবাস নাইক। ছেলেমেয়েদের মৃত্যুর সংবাদ পাওয়ার পর তিনি আমেরিকার উদ্দেশে রওনা হয়েছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। কলিয়েরভিলের মেয়র স্ট্যান জয়নার জানিয়েছেন, বাড়ির কেউই সম্ভবত ওই সময়ে ‘স্মোক অ্যালার্ম’ শুনতে পাননি।
দমকলের প্রধান মার্ক কিং বলেন, বাড়ির একতলায় ফায়ার অ্যালার্ম কাজ করত না। দোতলার ফায়ার অ্যালার্ম সে দিন বন্ধ হয়ে যায়।
সে দিন আগুন লাগার সময়ে ওই বাড়িতে ঠিক কতজন ছিলেন সেটিও জানা যায়নি। তবে বেশ কয়েক জন কিশোর-কিশোরী ছিল। এ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস



