প্রধান খবরবাংলাদেশ

প্রচারণা বন্ধ, প্রতীক্ষা নির্বাচনের

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ। আজ সকাল ৮টা থেকে বন্ধ হয়েছে সব ধরনের নির্বাচনী প্রচারণা। এবার প্রায় ১ কোটি ২৩ লাখ নতুন ভোটার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেবেন। নির্বাচনে সবমিলিয়ে ১ হাজার ৮শ’র বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী প্রায় ১ হাজার ৭৫০ জন। বাকিরা স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেয়ায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। আগামী রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে টানা ভোটগ্রহণ চলবে। ঐক্যফ্রন্ট প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে অর্থাৎ ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনও ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না।

এদিকে, গত দুই দিনে জেলায় জেলায় ব্যালট পেপার পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর আগে ব্যালট পেপার ছাড়া অন্য নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। এর মধ্যে রয়েছে- নির্বাচন কমিশন ভবন থেকে স্টাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্টাপ পিন ইত্যাদি।

ঢাকা-৫, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।এরই মধ্যে ইভিএমের ভোটগ্রহণের জন্য নির্ধারিত কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হয়েছে।

এবার ভোটগ্রহণ কাজে নিয়োজিত থাকবেন প্রায় ৭ লাখ কর্মকর্তা। আর আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬ লাখের বেশি সদস্য। এরই মধ্যে সেনা ও নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যসহ অন্যান্য বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন।

প্রসঙ্গত, প্রায় ১০ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি হয়েছে। এ নির্বাচনে নিবন্ধিত সব কটি (৩৯টি) রাজনৈতিক দলই অংশ নিচ্ছে। নির্বাচনে সব মিলিয়ে ১ হাজার ৮শ’রও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী প্রায় ১ হাজার ৭৫০ জন। বাকিরা স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে বিপুলসংখ্যক রাজনৈতিক দল ও প্রার্থী অংশ নেওয়ায় এবার একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। সর্বশেষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছিল। তত্ত্বাবধায়ক ইস্যুতে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বিএনপিসহ বেশিরভাগ দল বর্জন করে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension