প্রধান খবরবাংলাদেশ

ফেব্রুয়ারিতে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই প্রায় ৫০০ উপজেলায় নির্বাচন আয়োজনের তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। আইনি বাধ্যবাধকতা থাকায় ফেব্রুয়ারির প্রথম ভাগেই ইসিকে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করার পথে হাঁটতে হচ্ছে। কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা শাখা সূত্রে জানা গেছে এ তথ্য।
 
সূত্র জানায়, ২০১৪ সালের মতো এবারও উপজেলা নির্বাচন হবে ধাপে ধাপে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী মোট ৬ ধাপে ৪৮৭-রও বেশি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে হবে এক শ’র কাছাকাছি উপজেলার নির্বাচন। এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হবে চলতি মাসের শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।
 
সংশ্লিষ্টরা জানান, ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন আইনত নির্দলীয় হলেও আইন সংশোধনের ফলে এবার এ নির্বাচন হবে দলীয় প্রতীকে। এ কারণে রাজনৈতিক দলগুলোকে উপজেলা পরিষদের প্রার্থী মনোনয়নের কাজ সহসাই শুরু করতে হবে।
 
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যেসব উপজেলা পরিষদের মেয়াদ জুলাই মাসে শেষ হচ্ছে ওই সব উপজেলার নির্বাচন ৩১ মার্চের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। জুলাইয়ের পরে যেসব উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে সেগুলোর নির্বাচন পরবর্তীতে সুবিধাজনক সময়ে ঘোষণা করা হবে। আইন অনুযায়ী মেয়াদ পূর্তির আগের ছয় মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
 
প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ পরই, ১৯ জানুয়ারি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে কাজী রকিবউদ্দীন আহমদের কমিশন। ১৯ ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট ছয় ধাপে ওই নির্বাচনের ভোটগ্রহণ হয়।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension