প্রধান খবরবাংলাদেশ

সংসদ অধিবেশনের ৯০ দিনের মধ্যে শপথ না নিলে আসন শূন্য

রূপসী বাংলা ঢাকা ডেস্ক: নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, সংসদ অধিবেশনের ৯০ দিনের মধ্যে শপথ না নিলে সেই আসন শূন্য হবে। নির্বাচন ভবনে আজ বুধবার (২ জানুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
গত ৩০ ডিসেম্বর ২৯৯ আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা-৩ আসনে এক প্রার্থী মৃত্যুর কারণে সেখানে ২৭ জানুয়ারি ভোট হবে। আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৩টি স্থগিত কেন্দ্রের ভোট ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। অবশিষ্ট ২৯৮ আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২৫৯টি, জাতীয় পার্টি ২০টি, বিকল্পধারা বাংলাদেশ ২টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ২টি, জাতীয় পার্টি-জেপি ১টি ও বাংলাদেশ তরিকত ফেডারেশন ১টি আসন পেয়েছে। আর জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে বিএনপি ৫টি, গণফোরাম ১টি ও জাতীয় ঐক্য প্রক্রিয়া ১টি ও স্বতন্ত্র ৩ আসনে জয়লাভ করেছে।
 
বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট এ ফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোটের দাবি জানিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এরইমধ্যে সেই দাবি নাকচ করে দিয়ে বলেছেন, পুনরায় নির্বাচন করা সম্ভব নয়। এই অবস্থায় বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা শপথ নিয়ে সংসদে বসবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
 
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ নিয়ে বলেন, একাদশ জাতীয় নির্বাচনের গেজেট প্রকাশ করে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। অধিবেশন শুরু হওয়ার ৯০ দিনের মধ্যে কেউ শপথ না নিলে সংশ্লিষ্ট আসনকে শূন্য ঘোষণা করবেন স্পিকার।
 
তিনি বলেন, গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে শপথ নিতে হবে। শপথ গ্রহণের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে। অধিবেশন শুরু ৯০ দিনের মধ্যে শপথ নেয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে কেউ যদি শপথ নিতে ব্যর্থ হন তাহলে তাকে অযোগ্য বলে গণ্য করবেন স্পিকার।সংবিধানে ৬৭ ধারা ১ এর ক উল্লেখ করা আছে।
 
সংবিধানে বলা আছে- কেউ যদি স্পিকারের কাছে শপথ না নেন, তবে সিইসির কাছে নিতে হবে।
 
দশম সংসদের সময় ২০১৪ সালে ৫ জানুয়ারি ভোট হয়। ৮ জানুয়ারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ৯ জানুয়ারি শপথ গ্রহণ করেন সংসদ সদস্যরা।
 
এরইমধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গণমাধ্যমকে জানিয়েছেন, আগামীকাল ৩ জানুয়ারি বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ সদস্যের নবনির্বাচিতদের শপথ হবে। সেই মোতাবেক ১ জানুয়ারি মঙ্গলবারেই গেজেট প্রকাশ করে ইসি।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension