প্রধান খবরবাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে কন্টেনার ওঠানামায় নতুন রেকর্ড

রূপসী বাংলা ঢাকা ডেস্ক:  কন্টেনার ওঠানামায় নতুন রেকর্ড গড়েছে দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দর। ২০১৭ সালে যেখানে কন্টেনার ওঠানামা হয়েছিল ২৫ লাখ ৬৬ হাজার একক; ২০১৮ সালে সেটি হয়েছে ২৯ লাখ তিন হাজার একক। এক বছরে সাড়ে ৩ লাখ একক কন্টেনার ওঠানামা বেশি হয়েছে; প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৯ শতাংশ।

বিদ্যমান জেটি এবং গ্যান্ট্রি ক্রেনসহ নতুন কিছু যন্ত্রপাতি যোগ করে এই প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে চট্টগ্রাম বন্দর। শুধু তাই নয়, চট্টগ্রাম বন্দরের ৩০ বছর মেয়াদি মহা পরিকল্পনার পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে এই রেকর্ড।

জার্মানির হামবুর্গ পোর্ট কনসাল্ট (এইচপিসি) তৈরি মহা পরিকল্পনায় বলা আছে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি), চিটাগাং কন্টেনার টার্মিনাল (সিসিটি) এবং জেনারেল কন্টেনার বার্থ (জিসিবি) মিলিয়ে ২০১৯ সালে হবে ২৬ লাখ ৬৬ হাজার একক এবং ২০২০ সালে হবে ২৯ লাখ একক। দুই বছর পরের পূর্বাভাস এখনই পূরণ করল চট্টগ্রাম বন্দর।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ কালের কণ্ঠকে বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়ন বাড়ায় জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭.৮ শতাংশ, এই কারণে দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দরে কন্টেনার ওঠানামা রেকর্ড করেছে। বন্দরে গত বছর কি গ্যান্ট্রি ক্রেনসহ অনেক যন্ত্রপাতি বন্দরের বহরে যোগ হওয়ায় বিদ্যমান জেটি দিয়েই বাড়তি পণ্য ওঠানামা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, প্রতিবছর এই প্রবৃদ্ধি সামাল দিতে আমরা নতুন টার্মিনাল নির্মাণ করছি; যন্ত্রপাতি যোগ করে পণ্য ওঠানামা আরো বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করছি। সেগুলো সচল হলে সক্ষমতা বাড়বে; আরো বেশি পণ্য ওঠানামা করা সম্ভব হবে।

বন্দরের হিসাবে, বিগত ২০১৬ সালে চট্টগ্রাম বন্দরে মোট কন্টেনার ওঠানামা হয়েছিল ২৩ লাখ ৪৭ হাজার একক। ২০১৭ সালে হয়েছে প্রায় ২৫ লাখ ৬৭ হাজার একক। শতাংশের হিসাবে প্রবৃদ্ধি হয়েছে সোয়া ১০ শতাংশ। ২০১৮ সালে হয়েছে ২৯ লাখ তিন হাজার একক কন্টেনার। আর সাধারণ কার্গো ওঠানামা হয়েছে ৯ কোটি ৬৩ লাখ একক। এই খাতে প্রবৃদ্ধির হার কন্টেনারের চেয়ে বেশি প্রায় ১৩ শতাংশ।

চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহবুবুল হক চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘বন্দরে মহা পরিকল্পনা প্রণয়নকারী বিদেশি কম্পানি আঁচ করতেই পারেনি চট্টগ্রাম বন্দরের এই প্রবৃদ্ধি হবে। তা না হলে দুবছর পরের লক্ষ্যমাত্রা এখনই কিভাবে অর্জিত হয়। মূলত বর্তমান সরকারের আমলে দেশে শিল্প ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হওয়ায় কন্টেনার ও সাধারণ পণ্য ওঠানামায় এই অগ্রগতি হয়েছে। এই ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে দেশের একমাত্র ভরসা এখনো চট্টগ্রাম বন্দর। সুতরাং প্রবৃদ্ধির সঙ্গে মিল রেখে বন্দরের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।’

চট্টগ্রাম বন্দরে কন্টেনার ও সাধারণ পণ্য ওঠানামা বন্দর কর্তৃপক্ষ নিজে করে না। বন্দরের নিয়োগ কৃত অপারেটর প্রতিষ্ঠানগুলো এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করে আসছে। যথেষ্ট আধুনিক যন্ত্রপাতি না থাকায় পণ্য ওঠানামায় বাড়তি সময় লাগার অভিযোগ আছে। এর পরও পণ্য ওঠানামায় এই অগ্রগতি হয়েছে।

শিপ হ্যান্ডলিং ও বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম সামশুজ্জামান রাসেল মনে করছেন, ‘দেশের ব্যবসার অগ্রগতির ওপরই বন্দরে এই প্রবৃদ্ধি। গত বছর অনেকটা ভালোভাবেই বন্দর সামাল দিয়েছে কর্তৃপক্ষ। এখন চ্যালেঞ্জ হচ্ছে নির্মিতব্য প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ে এবং দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা। আশা করছি বন্দরের বর্তমান নেতৃত্ব সেটি অর্জনে সক্ষম হবে।’

 

-রানশু

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension