
ফের সরকার গড়তে শরিকদের উপরেই আস্থা মোদীর
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ফের সরকার গঠন এবং প্রধানমন্ত্রীর চেয়ার দখলের ক্ষেত্রে নিশ্চিত নরেন্দ্র মোদী। সেই সাফল্য বিজেপি একার ক্ষমতাতেই অর্জন করতে পারবে কিনা তা নিয়ে সংশ্য আছে। তবে শরিকদের নিয়ে সরকার চালানোর ক্ষেত্রেও বিজেপির সমস্যা নেই। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের শাসকদলের প্রধান মুখ নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর কর্মীদের উদ্দেশ্যে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। সেখানেই নিজেদের সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে তাঁর মুখে। একই সঙ্গে এনডিএ শরিকদের নিয়ে তৈরি হওয়া জল্পনার বিষয়েও মুখ খুলেছেন মোদী।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে মোদী ঝড় উঠেছিল। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সর্বত্রই নরেন্দ্র মোদীর নামের চর্চা চলছিল। পাঁচ বছরে সেই মোদী ম্যাজিক অনেকটাই ফিকে হয়ে গিয়েছে বলে দাবি করে বিরোধী শিবির। ২০১৯ সালে বিজেপির আসন সংখ্যা অনেকটাই কমে যাবে বলেও গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
২০১৪ সালের সেই মোদী হাওয়া এখন ফিকে হয়ে গিয়েছে। এই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই সরকার গঠনের জন্য শরিকদের সাহায্য একান্তই দরকার। ইতিমধ্যেই এনডিএ সঙ্গ ত্যাগ করেছে শিবসেনা। যাদের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা ছিল লক্ষ্যনীয়। দুই গেরুয়া দলের উষ্ণ সম্পর্ক এখন শীতল হয়ে গিয়েছে। আগামী লোকসভা নির্বাচনে এনডিএ সঙ্গ ছেড়ে লড়াই করার কথা ঘোষণা করেছে শিবসেনা।
এই ছবিটা উত্তর ভারতের। দক্ষিণ ভারতের ক্ষেত্রে বিজেপির যাত্রপথ খুব একটা মসৃণ নয়। দক্ষিণের সব রাজ্যেই আঞ্চলিক দলগুলির ক্ষমতা বেশি। সেখানে জোটই ভরসা বিজেপির, তবে কোনও দলের সঙ্গে জোট গড়তে রাজি হবেন অমিত শাহ? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তামিলনাড়ুর প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে বিজেপির জোটের কথা শোনা যাচ্ছে।
এই বিষয়ে তামিলনাড়ুর বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, “ভারতীয় রাজনীতিতে জোট সরকার পরিচালনার ক্ষেত্রে দিগন্ত সৃষ্টি করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। তিনি ২০ বছর আগে এই নতুন সংস্কৃতির জন্ম দিয়েছিলেন। আমরা সেই পথেই চলব।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “শক্তিশালী জোট একটা বিশ্বাসের বিষয়, এটা কোনও বাধ্যবাধকতা নয়।”
তাহলে দক্ষিণ ভারতের কোন আঞ্চলিক দলের সঙ্গে জোট গড়বে বিজেপি? এআইএডিএমকে, রজনীকান্ত, ডিএমকে সব রাজনৈতিক দলের সঙ্গেই বিজেপির জোটের জল্পনার কথা শোনা যাচ্ছে। এই বিষয়ে মোদী বলেছেন, “বিজেপি একার ক্ষমতায় জিতলেও শরিকদের সরকার চালনায় গুরুত্ব দেয়। আমাদের পুরনো বন্ধুদের আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। নতুনদের জন্যেও আমাদের দরজা খোলা রয়েছে।” পাশাপাশি তিনি আরও বলেছেন, “রাজনৈতিক বিষয়গুলির থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের সঙ্গে জোট গঠন।”



