প্রধান খবরযুক্তরাষ্ট্র

শাট-ডাউন বৈঠক থেকে ট্রাম্পের ওয়াক-আউট

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থা বা শাট ডাউন কাটাতে বুধবার ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেয়াল নির্মাণে অর্থ ছাড়ের আশ্বাস না পাওয়ায় ওই বৈঠক থেকে ওয়াক আউট করেন মার্কিন প্রেসিডেন্ট।|

মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দের নিশ্চয়তা না পাওয়ায় গত ১৯ দিন ধরে অচল হয়ে রয়েছে মার্কিন সরকারের কার্যক্রম।

এর আগে গত শুক্রবার ডেমোক্র্যাট সদস্যদের হুমকি দিয়ে ট্রাম্প বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত কংগ্রেস মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ না দিচ্ছে, ততক্ষণ সরকারে অচলাবস্থা বিদ্যমান থাকবে। এই অচলাবস্থা মাসের পর মাস এমনকি প্রয়োজনে বছরের পর বছর ধরে চলবে বলেও তিনি ঘোষণা দিয়েছিলেন।

বুধবারের বৈঠকে হাউজ স্পিকার ন্যান্সী পেলোসি এবং সিনেট সংখ্যালঘু দলের নেতা চাক শুমার যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ না করার ব্যাপারে আগের অবস্থানে অটল থাকলে প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনা থেকে বেরিয়ে আসেন।

ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠককে ‘সময়ের সম্পূর্ণ অপচয়’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট পরে এক টুইটে ডেমোক্র্যাট দলের বড় নেতাদের উদ্দেশ্যে লেখেন ‘বাই-বাই’।

কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর এই প্রথমবারের মত ৮ লাখের মত মানুষ এই সপ্তাহে তাদের বেতন পাবে না।

এদিকে হোয়াইট হাউসের বাইরে এনিয়ে দু পক্ষই একে অপরকে দোষারোপ করছে। হাউজ স্পিকার ন্যান্সী পেলোসি ট্রাম্পকে বলেছেন, বিপুল সংখ্যক কেন্দ্রীয় কর্মচারীদের বেতন দিতে না পারাটা একই সঙ্গে আরেকটা ক্ষতি।

এ নিয়ে ট্রাম্পের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট প্রতি অসংবেদনশীল হচ্ছেন। তিনি (ট্রাম্প) হয়তবা মনে করছেন তারা তাদের বাবার কাছে অর্থ চাচ্ছেন।’

বৈঠক সম্পর্কে চাক শুমার সাংবাদিকদের জানান, পেলোসি যখন দেয়াল নির্মাণের বিষয়ে অর্থ বরাদ্দে অনুমোদন দিতে রাজি হননি তখনই আলোচনার মাঝখানে উঠে চলে যান প্রেসিডেন্ট।

চাক শুমার বলেন, ‘তিনি (ট্রাম্প) স্পিকার পেলোসিকে জিজ্ঞেস করেন, আপনি কি আমার দেয়াল নির্মাণের ব্যাপারে রাজী আছেন? তিনি (পেলোসি) উত্তর দেন, ‘না’।

‘এবং তিনি উঠে দাঁড়ান এবং বলেন, তাহলে আমাদের আলোচনা করার কিছু নেই। এরপর তিনি সেখান থেকে বেরিয়ে যান।’

মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের অর্থ বরাদ্দকে কেন্দ্র করে গত ২২ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কাজকর্ম আংশিকভাবে বন্ধ হয়ে গেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প দেয়াল নির্মাণের বরাদ্দ বাবদ ৫৭০ কোটি ডলার বরাদ্দ চান যা অত্যন্ত ব্যয়বহুল এবং অকার্যকর বলে মনে করছেন ডেমোক্র্যাটরা।

এ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সাংবাদিকদের বলেছেন, তিনি হতাশ। কারণ ডেমোক্র্যাটরা ভালো বিশ্বাস নিয়ে আলোচনা করতে রাজি ছিল না।

আরেক রিপাবলিকান নেতা কেভিন ম্যককার্থি বলেছেন, তিনি ডেমোক্র্যাট নেতাদের ব্যবহার ‘অস্বস্তিকর’ বলে মনে করেছেন।

সূত্র: বিবিসি বাংলা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension