প্রধান খবরবাংলাদেশ

ঘুষের ৬ লাখ টাকাসহ শুল্ক কর্মকর্তা গ্রেপ্তার

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম কাস্টম হাউসের রেভিনিউ অফিসার (প্রশাসন) নাজিম উদ্দিনকে ঘুষের ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষ গ্রহণের বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

চট্টগ্রাম কাস্টম হাউসে সমুদ্রগামী জাহাজকে ছাড়পত্র প্রদানে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির বিষয়ে দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সেখানে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী এ অভিযান চালানোর নির্দেশ দেন। দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মুহঃ মাহবুবুল আলমের নেতৃত্বে সহকারী পরিচালক জাফর আহমেদ ও মো. হুমায়ুন কবীর এ অভিযানে অংশগ্রহণ করেন। 

এ বিষয়ে মাহবুবুল আলম বলেন, ‘অভিযানকালে দুদকের টিম নাজিম উদ্দিনের বিরুদ্ধে সমুদ্রগামী জাহাজের ছাড়পত্র প্রদানে হয়রানির সত্যতাসহ ঘুষ গ্রহণের প্রমাণ পায়। দুই ঘণ্টার এ অভিযান শেষে তার ঘুষ গ্রহণের বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হলে আজই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।’

তিনি আরও বলেন, ‘অভিযানের এক পর্যায়ে নাজিমুদ্দিনের ব্যবহৃত স্টিল আলমিরা খুলে দুদক টিম ৬ লাখ টাকা উদ্ধার করে এবং কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে ঘটনাস্থলে তা জব্দ করে। এর পরপরই দুদক টিম উদ্ধারকৃত টাকাসহ তাকে গ্রেপ্তার করে।’

কাস্টম হাউসের কমিশনার ড. একেএম নুরুজ্জামান বলেন, ‘দুদকের অভিযানের প্রেক্ষিতে ওই কর্মকর্তাকে আমরা সাময়িকভাবে বরখাস্ত করেছি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর চিঠি দেয়া হবে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension