
লোকসভায় নির্বাচনে ভিন রাজ্যে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: রাজ্যের ৪২ টি আসনেই জয় নিশ্চিত। এই মুহূর্তে তৃণমূলের পাখির চোখ প্রশি রাজ্য বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশ। ওই তিন রাজ্য থেকে লোকসভায় সদস্য পাঠানোর জন্যেই আসরে নেমেছে ঘাস ফুল শিবির। রবিবার ব্রিগেড সমাবেশের প্রচার সভায় দাঁড়িয়ে রাজ্যের শাসকদলের এই লক্ষ্যের কথা জানিয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। ওই দিন কাঁচরাপাড়ার বাগ মোড়ে সভা করে তৃণমূল। সেই সভায় হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান অর্জুন সিং। এছাড়াও কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান সুদামা রায়, হালিশহর পুরসভার ভাইস চেয়ারম্যান দেবাশিস দত্ত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও তৃণমূল সাংসদ দোলা সেন উপস্থিত ছিলেন। বক্তব্য রাখার সময়ে অর্জুন সিং-এর গলায় শোনা গিয়েছে আত্মবিশ্বাসের সুর। তিনি বলেছেন, “এই রাজ্যের ৪২টি আসনের মধ্যে আমরা ৪২টিই পাবো। তবে আমাদের লক্ষ্য উত্তর প্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জিতিয়ে দিল্লিতে পাঠানো।” সেই লক্ষ্যেই তৃণমূল কংগ্রেস কাজ করছে বলে জানিয়েছেন অর্জুনবাবু। রাজ্যের বাইরে বিধানসভায় তৃণমূল ঘাস ফুল ফোটাতে সক্ষম হলেও লোকসভায় তা সম্ভব হয়নি। তবে বিধায়কদের নিয়েও পরে অনেক প্রতিকূলতায় পড়তে হয়েছিল। কারণ সব বিধায়কই সুযোগ বুঝে দল বদল করে ফেলে। তবে সেই সব রাজ্যের কোথাও অর্জুন সিং- দায়িত্বে ছিলেন না। কিন্তু আলোচিত তিন রাজ্যের দায়িত্বে পুরনো সাথি অর্জুনের উপরেই ছেড়ে দিয়েছেন দলনেত্রি মমতা। বাম জামানায় সিপিএম-এর ভরা বাজারেও ভাটপাড়া থেকে নিয়মিত জিতেছেন অর্জুন সিং। এই ধরনের ব্যক্তির উপরে সপ্তদশ লোকসভা নির্বাচনের লড়াইয়ে বড় দায়িত্ব দিয়েছে দল। রবিবার মুকুল রায়ের খাসতালুকে সভা করে তৃণমূল কংগ্রেস। ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশের জন্য আয়োজিত সেই সভার প্রধান বক্তা ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন। সভায় বক্তব্য রাখতে উঠে কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যসভার সাংসদ দোলা। তিনি বলেন, “মোদীর মত অপদার্থ প্রধান মন্ত্রীর জন্য লজ্জিত আমরা।”



