
বুদ্ধদেব ভট্টাচার্যর ফ্ল্যাটের সংস্কার করতে উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
রূপসী বাংলা ডেস্ক:জরুরি ভিত্তিতে বুদ্ধদেব ভট্টাচার্যর ফ্ল্যাটের সংস্কার চান মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আজ পুর কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রাক্তনের অসুস্থতার খবর পেয়ে ক’দিন আগে উদ্বিগ্ন হয়ে বাড়িতে ছুটে গিয়েছিলেন বর্তমান। এবার বুদ্ধদেব ভট্টাচার্যের ফ্ল্যাটের সংস্কারে উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুদ্ধদেবের ফ্ল্যাটের শৌচাগার-সহ কয়েকটি অংশ সংস্কারের জন্য সিপিএমের তরফে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাছে বারবার আবেদন জানানো হয়েছিল। কিন্তু, কাজ হয়নি। বুধবার বিধানসভায় বিষয়টি কানে আসে মুখ্যমন্ত্রীর। এরপরই পুরসভার কমিশনার খলিল আহমেদকে সরাসরি ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দেন, শৌচাগার-সহ বুদ্ধদেব ভট্টাচার্যের ফ্ল্যাটের যে যে অংশে সংস্কার দরকার, জরুরি ভিত্তিতে সেগুলি করতে হবে। প্রয়োজনে আজই (বুধবার) লোক পাঠিয়ে খোঁজ খবর নিন।
ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী এ-ও বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী চাইলে, বিনা খরচে তাঁর পুরো ফ্ল্যাটের সংস্কার করে দেওয়া হবে। ফ্ল্যাটের সংস্কার চলাকালীন সরকারি কোনও অতিথি নিবাসে সপরিবারে থাকতে পারবেন বুদ্ধদেব ভট্টাচার্য।
কয়েক মাস আগেই, অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে আচমকাই বুদ্ধদেব ভট্টাচার্যর পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসময়ই তাঁর মনে হয়েছিল, একজন প্রাক্তন, অসুস্থ মুখ্যমন্ত্রীর যেভাবে থাকা উচিত, সেটা এই দু’কামরার ছোট্ট ফ্ল্যাটে নেই। মমতা চান, তাঁর প্রাক্তনী ভাল থাকুন। সেক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্য রাজি হলে, দ্রুত তাঁর ফ্ল্যাটের সংস্কারের কাজে হাত দেবে রাজ্য সরকার।
বুদ্ধদেব ভট্টাচার্য বর্তমান যে ধরণের ফ্ল্যাটে থাকেন, তা দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি ছিল। সম্প্রতি, ওই ধরনের ফ্ল্যাটগুলিকে ব্যক্তি মালিকানাধীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৬ মাস আগে এই সংক্রান্ত ফাইলে সই করেছেন মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি বলে সূত্রের খবর। তা নিয়েও এদিন ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।



