প্রধান খবরবাংলাদেশ

একুশে পদক ২১ গুণীজনকে

২১ গুণীজনকে একুশে পদক ২০১৯ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভাষা আন্দোলনে অবদান থেকে শুরু করে সঙ্গীত, অভিনয়, আলোকচিত্র, চারুকলা, মুক্তিযুদ্ধ, গবেষণা, শিক্ষা, ভাষা ও সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
 
একুশ জনের মধ্যে দুই জনকে মরণোত্তর পদক প্রদান করা হবে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ ফেব্রুয়ারি বিকেলে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদক প্রদান করবেন
 
আজ ৬ ফেব্রুয়ারি বুধবার একুশে পদকপ্রাপ্তদের নাম প্রকাশ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
 
পদকপ্রাপ্তরা হলেন: ভাষা আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার একুশের পদক পেলেন তিনজন। তারা হলেন- ভাষা সংগ্রামী অধ্যাপক হালিমা খাতুন (মরণোত্তর), অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ারা ইসলাম। মুক্তিযুদ্ধে ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য।
 
ভাষা ও সাহিত্যে এবার একুশে পদক পেয়েছেন ছয় জন। তারা হলেন- কথাশিল্পী রিজিয়া রহমান, কথাশিল্পী ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, কবি অসীম সাহা, কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক, কথাশিল্পী মইনুল আহসান সাবের ও কথাশিল্পী হরিশংকর জলদাস।
 
শিল্পকলার সঙ্গীত শাখায় পদক পেলেন তিনজন। তারা হলেন- কণ্ঠশিল্পী সুবীর নন্দী, পপতারকা আজম খান (মরণোত্তর) ও খায়রুল আনাম শাকিল।
 
শিল্পকলার অভিনয় শাখাতেও একুশে পদক পেয়েছেন তিনজন। তারা হলেন- অভিনেত্রী লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা ও অভিনেতা-সংগঠক-শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
 
শিল্পকলার আলোকচিত্র শাখায় সাইদা খানম। চারুকলায় পেলেন চিত্রশিল্পী জামাল উদ্দিন আহমেদ। গবেষণায় ড. বিশ্বজিৎ ঘোষ ও ড. মাহবুবুল হক। শিক্ষায় ড. প্রণব কুমার বড়ুয়া।
 
আগামী ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের হাতে এই পদক তুলে দেবেন। পদকপ্রাপ্ত ব্যক্তিদের পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হবে সোনার পদক, সনদপত্র ও দুই লাখ টাকার চেক।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension