
২০১৯ সালেই পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা: প্রধানমন্ত্রী
চলতি ২০১৯ সালেই বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্নের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে। এরইমধ্যে এ প্রকল্পের ৬২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদকে এ তথ্য জানান তিনি। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে রুস্তম আলী ফরাজী (পিরোজপুর-৩) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কারিগরি দিক থেকে অত্যন্ত জটিল এ সেতুর পাইল ড্রাইভিং চলাকালে সয়েল কন্ডিশনের কারণে কিছু পাইলের পুনরায় ডিজাইন করতে হয়েছে। দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞগণের পরামর্শ অনুযায়ী এ সকল পাইলের ডিজাইন সম্পন্ন করতে কিছুটা অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়েছে। এ সত্ত্বেও চলতি ২০১৯ সালের ডিসেম্বর মাসের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে।
তিনি বলেন, পদ্মা সেতুতে রেল সংযোগ স্থাপন এবং পদ্মা সেতু হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা হতে বরিশাল পর্যন্ত রেল সংযোগ স্থাপনের কাজ চলছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার ভূমি অধিগ্রহণ করা হয়েছে । ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জে ১ হাজার ২০৩ একর ভূমি অধিগ্রহণের কাজ চলছে। এ প্রকল্পের কাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ২০১৮ সালের ২৭ এপ্রিলে চায়না এক্সিম ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সংসদ নেতা বলেন, আমি ২০১৮ সালের ১৪ অক্টোবরে প্রকল্পের মূল কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছি। ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ১৬ দশমিক ৭০ শতাংশ। ভাঙ্গা হতে বরিশালের পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। বিশদ নকশা প্রণয়নসহ সম্ভাব্যতা সমীক্ষা বাস্তবায়ন অগ্রগতি ৩৯ শতাংশ।



