
আবারও যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রতিষ্ঠানে গুলি, নিহত ২
রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির এক ডরমিটরিতে গুলি চালিয়েছে ১৯ বছরের এক তরুণ। শুক্রবার এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। পুলিশ এখন সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে।
নিহতরা কেউই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ বছর বয়সী এক ব্যক্তি এসে গুলি শুরু করেন। বিশ্ববিদ্যালয়টিতে ২৩ হাজার শিক্ষার্থী রয়েছে।
অসমর্থিত একটি সূত্রের দাবি, সম্ভবত ওই তরুণ তার বাবা-মাকে গুলি করে হত্যা করেছে।
পুলিশ হামলাকারীর নাম জেমস এরিক ডেভিস (জুনিয়র) বলে জানিয়েছে। তার বয়স ১৯ বছর।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনার পর নিজেদের টুইটারে শিক্ষার্থীদের জন্য সতর্কতা জারি করেছে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিয়ার মেজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ জন নিহত হন, যাদের ১৪ জনই শিক্ষার্থী।



