
রূপসী বাংলা নিউজ ডেস্ক: নাইকো দুর্নীতি মামলায় আদালতকক্ষে রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে খালেদা জিয়ার সঙ্গে কোনো রাজনৈতিক আলাপ হয়নি বলে দাবি করেছেন মির্জা ফখরুল। তিনি জানান, সরকার দুরভিসন্ধি করে জামিন দিচ্ছে না। তার অভিযোগ, চিকিৎসকদের কাছ থেকে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না খালেদা জিয়া।
শুনানির জন্য রোববার দুপুর ১২ টা ৩৭ মিনিটে হুইল চেয়ারে খালেদা জিয়াকে আদালতে আনা হয়। তখন আগে থেকে চেয়ারে বসে থাকা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল উঠে গিয়ে খালেদা জিয়ার কাছে শারীরিক অবস্থা জানতে চান।
খালেদা জিয়া কাজলের উদ্দেশে বলেন, ‘না, আমার শরীর ভালো যাচ্ছে না। শরীর খুব খারাপ।’ কাজলের সঙ্গে কথা বলা শেষ হলে সেখানে উপস্থিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে কথা বলা শুরু করেন। খালেদা জিয়া তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে থাকেন, তার শরীর মোটেও ভালো যাচ্ছে না।’
খালেদা জিয়ার কাছে ফখরুল জানতে চান, ‘থেরাপি ঠিকমতো দেওয়া হচ্ছে কি না।’ খালেদা তখন ফখরুলকে জানান, কারাগারে তাকে দেখতে চিকিৎসক এসেছিলেন। কিন্তু তার শরীর ভালো যাচ্ছে না। খালেদা জিয়ার সঙ্গে যখন ফখরুল ইসলাম কথা বলছিলেন, এর কিছুক্ষণ পর ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এজলাসে আসেন।
অভিযোগ গঠনের শুনানি শুরু করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলামের আইনজীবী আসাদুজ্জামান।
এজলাসকক্ষে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বসেন খালেদা জিয়ার ঠিক বাম পাশে। তখন থেকে খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে শুরু করেন মির্জা ফখরুল। বেলা ১টা ১০ মিনিট পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় তিনি চেয়ার থেকে উঠে গেলে সেখানে বসেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির নেতা জয়নুল আবেদিন। কিছুক্ষণ কথা বলার পর তিনি উঠে গেলে বিএনপির নেতা মীর নাসির এবং জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন কথা বলেন। এই তিনজনের কথা শেষ হলে আবার বেলা সোয়া ১টার দিকে খালেদা জিয়ার পাশের চেয়ারে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুনানি শেষ না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার পাশে বসে ছিলেন তিনি।
প্রায় এক ঘণ্টা শুনানি শেষে বেলা ১টা ৩৫ মিনিটে হুইল চেয়ারে খালেদা জিয়াকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় দেখা যায়, নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে প্রবেশের প্রধান ফটক পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম খালেদা জিয়ার সঙ্গে যান।
খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে আমার দেখা হয়েছে, কথাও হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তিত। চিকিৎসকদের কাছ থেকে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না খালেদা জিয়া। এখন পর্যন্ত খালেদা জিয়ার রক্ত নেওয়া হয়নি। তিনি ডায়াবেটিস রোগী। এ ব্যাপারেও যথাযথ চিকিৎসা তিনি পাচ্ছেন না।’
খালেদা জিয়ার সঙ্গে কী আলাপ হলো জানতে চাইলে ফখরুল জানান, কোনো রাজনৈতিক আলাপ হয়নি। তিনি বলেন, ‘খালেদা জিয়া জামিন পাচ্ছেন না। সরকার দুরভিসন্ধি করে জামিন দিচ্ছে না।’
প্রসঙ্গত, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে নাইকো দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।
২০০৮ সালের ৫ মে এই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এসএম সাহেদুর রহমান।
এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
বাংলাদেশ জার্নাল



