প্রধান খবরবাংলাদেশ

বিএনপির এক ঘণ্টার মানববন্ধন আজ

রূপসী বাংলা ডেস্ক:দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সারা দেশে এক ঘণ্টার মানববন্ধন করবে বিএনপি। কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরীতে এ কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে পালন করবে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজ মঙ্গলবার কেন্দ্রীয়ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার সারা দেশে অবস্থান কর্মসূচি পালিত হবে।

এ কর্মসূচিও কেন্দ্রীয়ভাবে হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। এ বিষয়টিও পুলিশকে অবহিত করা হয়েছে। রিজভী আরও বলেন, ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার প্রস্তুতি চলছে।

বিএনপি মহানগর পুলিশ ও গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলীকে অনুমতির জন্য ইতিমধ্যে চিঠি দিয়েছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সমাবেশের কর্মসূচি পালন করতে না পেরে ২৪ ফেব্রুয়ারি কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ঘোষণা করে দলটি। কিন্তু পুলিশি বাধায় তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। আটক হন দলের অনেক নেতাকর্মী।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে চার দফার কর্মসূচি পালন করা হয়। এদিকে আগামী ১২ মার্চ আবারও ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এবার তারা সমাবেশের অনুমতির বিষয়েও আশাবাদী।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এটি বিএনপির পঞ্চম দফা কর্মসূচি।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালন ছাড়াও বিদেশি কূটনৈতিক, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, পেশাজীবী, আইনজীবী ২০ দলীয় জোটসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের জ্যেষ্ঠ নেতারা।

গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার পর থেকেই পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।BD-জার্নাল

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension