খেলা

ধোনিদের বিরুদ্ধে জয়ের স্বাদ পেতে মরিয়া বিরাটবাহিনী

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের টি-২০ টুর্নামেন্ট শুরু হতে মাত্র ২৪ ঘণ্টা বাকি৷ চার-ছক্কার ব্যাটেল ফিল্ডে প্রথম সাক্ষাৎ ধোনি-বিরাটের৷ অর্থাৎ প্রাক্তন ও বর্তমান ভারত অধিনায়কের৷ শনিবার চিপকে ধোনির চেন্নাই সুপার কিংসের সামনে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ পাঁচ বছর ধোনিদের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি বিরাটরা৷ এবার সেই রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ রয়্যালের৷

চিপকে এবার বিরাটদের রেকর্ড আরও ভয়াবহ৷ আইপিএলের প্রথম সংস্করণেই চিপকে সিএসকে-র বিরুদ্ধে জয় পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স৷ অর্থাৎ শেষ এক দশক চিপকে জয় অধরা বিরাটদের৷ এম চিদাম্ববরম স্টেডিয়ামে সাতটি ম্যাচে মাত্র একটিতে জয় পয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স৷ আইপিএলে সাফল্যের পরিসংখ্যানেও বিরাটদের থেকে সহস্র গুণ এগিয়ে থালা ধোনি৷ তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস৷ দু’ বছরের নির্বাসন কাটিয়ে গত বছর ফিরেই চ্যাম্পিয়ন হয় ধোনিবাহিনী৷ আর তিনবার ফাইনালে উঠলেও এখনও পর্যন্ত আইপিএল ট্রফির স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স৷

চিপকে ধোনিদের সমর্থনে গলা ফাটাবে পুরো স্টেডিয়াম৷ ধোনি-রায়নাদের ট্রেনিংয়েই হাজির হতেন প্রায় ১২ হাজার সমর্থক৷ যাঁদের অনেকেই ম্যাচের প্রথম বল থেকে ধোনিদের জন্য গলা ফাটাবেন৷ উদ্বোধনী অনুষ্ঠান না-হলেও বাইশ গজে ধোনি-বিরাটের লড়াই ঘিরে বাড়তি উন্মাদনা নিয়ে শুরু হতে চলেছে দ্বাদশ আইপিএল৷

দুই দলের ইউএসপি হলেন দুই ক্যাপ্টেন৷ একে অপরের বিরুদ্ধে দলের সেরা ব্যাটসম্যানও তাঁরা৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রয়্যাল ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি (৭৩২) রান রয়েছে বিরাট কোহলির৷ এর মধ্যে ১২ বার ৩০ রানের বেশি করেছেন বিরাট৷ আর রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে সিএসকে-র সেরা ব্যাটসম্যান ধোনি৷ সবচেয়ে বেশি ৭১০ রান এসেছে মাহির ব্যাট থেকে৷

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: শেন ওয়াটসন, ফ্যাফ ডু’প্লেসি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, এমএস ধোনি(ক্যাপ্টেন), কেদার যাদব, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, ডেভিড উইলি এবং মোহিত শর্মা৷

রয়্যাল চ্যালেঞ্জার্সের সম্ভাব্য একাদশ: পার্থিব প্যাটেল, মোয়েন আলি, বিরাট কোহলি (ক্যাপ্টেন), এবি ডি’ভিলিয়ার্স, সিমরন হেটমেয়ার, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, টিম সাউদি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ এবং যুবেন্দ্র চাহাল৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension