
মোদী জমানাতেই শীর্ষে বেকারত্ব, জানাল শ্রমমন্ত্রক
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ মোদী সরকার। কেন্দ্রের পক্ষ থেকে প্রকাশিত রিপোর্ট থেকেই স্পষ্ট হয়ে গেল বিষয়টি।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিপুল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। যা পূরণে তিনি ব্যর্থ ঝয়েছেন বলে দাবি করেছিল বিরোধি শিবির। এবার সেই দাবিকেই কার্যত মান্যতা দিল কেন্দ্র।
কেন্দ্রের শ্রমমন্ত্রকের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট অনুসারে, ২০১৭-১৮ সালে সমগ্র ভারতে বেকারত্বের হার ছিল ৬.১ শতাংশ। যা গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ। ওই রিপোর্টের তথ্য অনুসারে। দেশের শহরাঞ্চলের বেকারত্বের হার ছিল ৭.৮ শতাংশ। আর গ্রামের ক্ষেত্রে সেই হার ৫.৩ শতাংশ। পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে সেই হার যথাক্রমে ছিল ৬.২ এবং ৫.৭ শতাংশ।
চলতি বছরের শুরু দিকে এই তথ্য ফাঁস হয়ে গিয়েছিল সংবাদ মাধ্যমে। যা নিয়ে মোদী সরকারের সমালোচনার ঝড় ওঠে সমগ্র দেশে। ওই রিপোর্ট নিয়ে আসরে নামে বিরোধী দলগুলি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তিব্র আক্রমণ করতে শুরু করেন। একই উপায়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমন করতে শুরু করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদী জমানাতেই ১৯৭০-৭১ সালের পরে দেশের বেকারত্বের হার সর্বোচ্চ হয়েছে এই বিষয়টি মানতে নারাজ ছিল কেন্দ্র। তবে ফাঁস হয়ে যাওয়া রিপোর্ট যে ভুল নয় সেটিও মেনে নেওয়া হয়েছিল। সেই সময়ে কেন্দ্রের যুক্তি ছিল শ্রমমন্ত্রকের যে রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি সমীক্ষার খসড়া মাত্র। চূড়ান্ত রিপোর্ট নয়। বৃহস্পতিবার সেই চূড়ান্ত রিপোর্ট সামনে এসেছে। যা প্রথম মোদী সরকারের রেজাল্টে লাল কালির দাগ কেটেছে।
এই মুহূর্তে কেন্দ্রে দ্বিতীয় মোদী সরকারের প্রতিষ্ঠা হয়েছে। সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছেন নরেন্দ্র মোদী। বিজেপি একার ক্ষমতায় দখল করেছে কেন্দ্রের মসনদ। ভোটের আগে এই রিপোর্ট কেন প্রকাশিত হল না তা নিয়ে ইতিমধযেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়টি যে আগামি দিনে বিরোধী শিবিরের বড় হাতিয়ার হতে চলেছে তা বলাই বাহুল্য।



