
বিরোধী দলনেতা পদের জন্য দাবি জানাবে না কংগ্রেস
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ৪৪ থেকে আসন সংখ্যা বেড়ে হয়েছে ৫২৷ তাতেও সংসদে বিরোধী দলনেতার পদ পাওয়ার আশা নেই কংগ্রেসের৷ আর সেই দাবিও জানাবে না তারা৷ শনিবার এমনই সিদ্ধান্ত নিল কংগ্রেস৷
এদিন দিল্লির ২৪ আকবর রোডে কংগ্রেসের সদর দফতরে দলের মুখপাত্র রণদীপ সিং সুরযেওয়ালা সাংবাদিকদের এই কথা জানান৷ বলেন, ‘‘সংসদে বিরোধী নেতার পদ পেতে গেলে ৫৪ জন সাংসদ থাকা দরকার৷ কিন্তু আমাদের তার থেকে দুটি আসন কম আছে৷ তাই সেই দুটি আসন না পাওয়া অবধি কংগ্রেস বিরোধী নেতার পদের জন্য দাবি জানাবে না৷’’
তবে কোন দলকে বিরোধী নেতার মর্যাদা দেওয়া হবে সেই সিদ্ধান্ত রণদীপ সুরযেওয়াল কেন্দ্রীয় সরকারের উপর ছেড়ে দেন৷ জানান, লোকসভার মোট আসন সংখ্যার ১০ শতাংশ আসন পেলে তবেই কোনও দল বিরোধী দলনেতার দাবি জানাতে পারে৷ কিন্তু কংগ্রেস সেই দাবি জানাতে পারবে না৷ কারণ আমাদের কাছে দুটি আসন কম আছে৷ তাই এখন সরকারের দায়িত্ব তারা কোন দলকে বিরোধী দলনেতার পদটি দেবে ৷
সংসদের নিয়ম অনুযায়ী ৫৪৩টি আসনের মধ্যে কোনও দল যদি দশ শতাংশ অর্থাৎ ৫৪টি আসন পায় সেক্ষেত্রে সেই দলকেই বিরোধী দলনেতার পদ দেওয়া হয়৷ এবারের ভোটে কংগ্রেস ছাড়া কোনও বিরোধী দলই ৫০ এর গণ্ডি পেরোতে পারেনি৷ আর কংগ্রেস বিরোধী দলনেতার দাবি জানাতে পারবে না কারণ তাদের কাছে প্রয়োজনীয় আসন নেই৷
২০১৪ সালেও ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছিল৷ সেই বার কংগ্রেসের আসন আরও কম ছিল৷ ২০১৪ সালে শতাব্দী প্রাচীন দলের ঝুলিতে যায় মাত্র ৪৪টি আসন৷ এদিকে গণতান্ত্রিক কাঠামো বজায় রাখতে গেলে সংসদে অবশ্যই বিরোধী দলনেতার পদ কাউকে দিতেই হবে৷ বিরোধী দলনেতা ছাড়া সংসদীয় কাজকর্ম চলতে পারে না৷ কারণ সংসদীয় আইনে এমন অনেক সংস্থান আছে, যেখানে বিরোধী দলনেতার অনুমোদন প্রয়োজন৷ তাই বৃহত্তম দল হিসাবে কংগ্রেসকে তখন বিরোধী দলনেতার পদ দেওয়া হয়৷



