খেলা

ক্যারিবিয়ান সফরের আগেই বিরাট-রোহিত সম্পর্ক তলানিতে

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার ক্যাপ্টন ও ভাইস-ক্যাপ্টেনের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে৷ সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ফাইনাল পর্যন্ত বিরাটরা লন্ডনে থেকে গেলেও দু’দিন আগেই দেশের ফিরেছিলেন রোহিত শর্মা৷ তখন থেকেই বিরাট-রোহিতের সম্পর্কে তিক্ততা প্রকাশ্যে আসে৷ কিন্তু ক্যারিবিয়ান সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সাংবাদিক বৈঠকে রোহিতের সঙ্গে তাঁর তিক্ততার কথা অস্বীকার করেন ক্যাপ্টেন কোহলি৷ তবে বুধবার সোশাল মিডিয়ায় রোহিতের একটি পোস্ট ক্যাপ্টেন ও ভাইস-ক্যাপ্টেনের মধ্যে সম্পর্কের ফাটল আরও চওড়া হল৷

সোমবার মুম্বইয়ে ক্যারিবিয়ান সফরের উদেশ্যে দেশ ছাড়ার আগে সাংবাদিক বৈঠকে কোহলি বলেছিলেন,‘বাইরে থেকে আমি অনেক কথাই শুনেছি৷ কিন্তু এটা ভেবে দেখা উচিত, ড্রেসিংরুমের পরিবেশ ঠিক না-থাকলে আমরা ওয়ান ডে ক্রিকেটে উপরের দিকে থাকতে পারতাম না৷ ড্রেসিংরুমের পরিবেশ ঠিক না-থাকলে আমাদের সেরা পারফর্ম্যান্স বেরিয়ে আসত না৷ দলের এই পারফরম্যান্স সম্ভব বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়ার উপর৷’

কিন্তু বুধবার টুইটারে বিশ্বকাপে ড্রেসিংরুম থেকে মাঠে নামার ছবি পোস্ট করে রোহিত লেখেন, ‘আমি শুধু দলের হয়ে খেলি না, আমি খেলতে নামি দেশের হয়ে৷’ বিরাট ড্রেসিংরুমের পরিবেশ সম্পর্কে যতই মিডিয়ার সামনে ভালো ছবি তুলে ধরার চেষ্টা করুক, এদিন তাঁর ডেপুটির এই পোস্ট অন্য বার্তা বহন করে৷ রোহিতের এই পোস্ট তাঁদের তিক্ত সম্পর্কে যে আরও তেতো করে দিল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই৷

বিশ্বকাপে রোহিতের সঙ্গে তাঁর বিরোধ নিয়েও ক্যাপ্টেন কোহলি জানিয়েছিলেন, ‘আমার মতে, এটা হাস্যকর৷ কিছু বিষয় ও ফ্যানটাসির মধ্যে থেকে এই ধরনের লেখাগুলো ভিত্তিহীন৷ কিছু মিথ্যাকে তুলে ধরার চেষ্টা৷ ড্রেসিংরুমে ঢুকলেই আপনার বুঝতে পারতেন সেখানে কী ধরনের পরিবেশ ছিল৷ আমাদের মধ্যে কোন সমস্যা নেই। এই সব লিখে কারা উপকৃত হচ্ছে, জানি না। আমরা ভারতীয় ক্রিকেটকে শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছি৷ পরস্পরের মধ্যে বোঝাপড়া না-থাকলে আপনি এই জাতীয় আবেগ নিয়ে খেলতে পারবেন না৷’

দু’দিন আগে বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছিলেন, ভারতীয় দলের ড্রেসিংরুম নিয়ে যে খবর প্রকাশিত হয়েছিল, তার কোনও ভিত্তি নেই। কিন্তু এই আবহে রোতিতের এই টুইট নিঃসন্দেহ অন্য বার্তা দিল। রোহিতের খোঁচা যে, বিরাটকে উদ্দেশ্য করে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

বিরাটের নেতৃত্বে ভারত বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর সীমিত ওভারের ফর্ম্যাটে কোহলির পরিবর্তে রোহিতের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার এটাই ঠিক সময় কিনা, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর৷ তার পরই সোশাল মিডিয়ায় রোহিতের পক্ষে মতামত জানান অনেকেই৷ টেস্টে বিরাটের হাতে নেতৃত্ব রেখে ২০২৩ বিশ্বকাপের কথা ভেবে এখনই ওয়ান ডে এবং টি-২০ ফর্ম্যাটে রোহিতের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া উচিত বলে মতামত জানান অনেকেই৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension