
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: যখন ডেঙ্গু আতংকে ভুগছে গোটা বাংলাদেশ; তখন দেশের মানুষের পাশে এসে দাঁড়ানোর অনন্য উদাহরণ তৈরি করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। মঙ্গলবার ঢাকার ধানমণ্ডির ফারাবী জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্ত পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিসনার্স এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে। পুরো আয়োজনে কিট সরবরাহ থেকে শুরু করে সার্বিক সহায়তা দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. ফেরদৌস খন্দকার। এ জন্যে তার ভূঁয়সি প্রশংসা করে সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, “যেখানেই মানুষের সেবা প্রয়োজন, সেখানেই আমরা ছুঁটে যাবো। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্যে কাজ করে যাবো আমরা”।

প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক রোগী নিজেদের রক্ত পরীক্ষা করান। এমন কার্যক্রমের জন্যে তারা উদ্যোক্তাদের ধন্যবাদও জানান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. ফেরদৌস খন্দকার সেখানে উপস্থিত থাকতে না পারলেও, নিজের অবস্থান থেকে ডেঙ্গু সচেতনায় নানা ধরণের কাজ করে যাচ্ছেন। রোগীদের সহায়তা ছাড়াও নিজের ইউটিউব চ্যানেলে একাধিক সচেতনতামূলক ভিডিও তিনি আপলোড করেছেন। সেই সাথে এ নিয়ে লিখেছেন অনেকগুলো জাতীয় পত্রিকায়। তিনি বলেন, “ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। খুব বেশি ছড়িয়ে পড়ায় এই রোগ নিয়ে ভয় দেখা দিয়েছে। বড় কোন জটিলতা না হলে, সাতদিনের মধ্যে এমনিতেই এই রোগটি ভালো হয়ে যায়”। এই রোগের চিকিৎসায় প্যারাসিটামল জাতীয় ওষুধ ছাড়া অন্য কিছু না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কয়েকদিনে জ্বর না কমলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলেছেন তিনি। ডা. ফেরদৌস খন্দকার বলেন, “এ নিয়ে কোন প্রকার কুসংস্কারে কান দেয়া যাবে না। কেবলমাত্র যত্নের সাথে ডেঙ্গুর সময়টি পার করে দিতে হবে। জটিলতা বেশি হলে, দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে”। রোগটি প্রতিরোধে সবার সহযোগিতা চেয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি বলেন, “আমরা যদি নিজেদের চারপাশ পরিস্কার রাখতে পারি, তাহলেই এই রোগ অনেকটা প্রতিরোধ করা যাবে। এ ছাড়া নিজেদের মতো করে সতর্কও থাকতে হবে”।



