
দুরন্ত দ্বিশতরান, গিলের ব্যাটে ভাঙল গম্ভীরের ১৭ বছরের পুরনো রেকর্ড
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান সফরে ঝড় শুভমান গিলের ব্যাটে। জাতীয় দলের প্রতিনিধি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে এবার দুরন্ত দ্বিশতরান হাঁকালেন অনুর্ধ্ব-১৯ বিশ্বজয়ের অন্যতম নায়ক। একইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে এদিন অনন্য নজির গড়লেন তরুণ শুভমান। জাতীয় দলের প্রতিনিধি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে গৌতম গম্ভীরকে টপকে গিলই হলেন দ্বিশতরানকারী কনিষ্ঠ ব্যাটসম্যান। বৃহস্পতিবার তরুণ এই ব্যাটসম্যানের ব্যাটে ভাঙল ১৭ বছরের পুরনো রেকর্ড।
গিলের অপরাজিত ২০৪ রানে ভর করে তৃতীয় বেসরকারি টেস্টে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে ৩৭৩ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিল ভারতীয় ‘এ’ দল। ২০০২ বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে গৌতম গম্ভীরের ব্যাট থেকে এসেছিল দ্বিশতরানের ইনিংস। কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে দ্বিশতরান করার নিরিখে যা এতদিন ছিল তালিকার শীর্ষে। এদিন ১৯ বছর ৩৩৪ দিনে দ্বিশতরান হাঁকিয়ে সেই নজির টপকে গেলেন গিল। ৮১.৬০ স্ট্রাইক রেটে ২৫০ বলে এদিন গিলের ব্যাট থেকে আসে ২০৪ রানের অনবদ্য ইনিংস।
প্রথম ইনিংসে ফিরেছিলেন গোল্ডেন ডাক হয়ে। দ্বিতীয় ইনিংসে প্রথম সারির ব্যাটিং অর্ডারে ধস নামার পর পঞ্চম উইকেটে গিল ও অধিনায়ক হনুমা বিহারীর ব্যাটে প্রতিপক্ষকে বড় রানের টার্গেট ছুঁড়ে দিতে সক্ষম হয় সফরকারী ভারতীয় ‘এ’ দল। ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার অবিভক্ত পঞ্চম উইকেটে মূল্যবান ৩১৫ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। এরপর দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে ভারতীয় ‘এ’ দল। গিলের দ্বিশতরানের ইনিংস এদিন সাজানো ছিল ১৯টি চার ও ২টি ছক্কায়। অন্যদিকে ২১৯ বলে বিহারীর ১১৮ রানের ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছয়। লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ বিনা উইকেট হারিয়ে ৩৭।
প্রথম দু’টি টেস্ট জিতে ইতিমধ্যেই সিরিজ মুঠোয় নিয়ে নিয়েছে ভারতীয় ‘এ’ দল। শুক্রবার তৃতীয় টেস্টের অন্তিম দিন ১০ উইকেট তুলে নিয়ে বিহারী নেতৃত্বাধীন ভারতীয় দল প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করতে পারে কীনা, সেটাই লক্ষ্যনীয় বিষয়। এর আগে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নেয় ভারত। সেখানেও তিন-তিনটি অর্ধশতরান করে নজর কেড়েছিলেন শুভমান গিল। এরপরেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজের দলে নির্বাচকরা তাঁকে না রাখায় হতাশা ছুঁড়ে দিয়েছিলেন তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান।



